শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনের দাবিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) এমবিবিএসের তিনটি ব্যাচের শিক্ষার্থীরা গতকাল বুধবারও বিক্ষোভ করেছেন।

ক্যাম্পাস সূত্র জানায়, সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা মিছিল বের করেন। মিছিলটি জাকির হোসেন সড়কে কিছুদূর গিয়ে আবার ক্যাম্পাসের প্রধান ফটকে এসে শেষ হয়।

ইউএসটিসি সূত্র জানায়, উদ্ভূত সমস্যার সমাধানে কয়েক দিন ধরে ঢাকায় অবস্থান করছেন ইউএসটিসির কয়েকজন প্রতিনিধি। তাঁরা ইতিমধ্যে বিএমডিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সাক্ষাৎ চেয়ে তাঁরা আবেদন করেছেন।

জানতে চাইলে ইউএসটিসির রেজিস্ট্রার বদরুল আমিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা বিএমডিসির সঙ্গে কথা বলেছি। তাঁরা মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলতে বলেছেন। আমরা সাক্ষাৎ করব। আমরা নিবন্ধনের বিষয়ে আশাবাদী।’