শিক্ষার্থীদের আন্দোলন এক মাস স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে টানা ১৫ দিন আন্দোলন শেষে সাতক্ষীরা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তাঁদের কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করেছেন। গতকাল শনিবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা এ আন্দোলন স্থগিত করেন।
ওই মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, গত ৪ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ২৫০ শয্যার হাসপাতাল উদ্বোধন করেন। এরপর গত সেপ্টেম্বর মাসে ৩০ শয্যার মেডিসিন ওয়ার্ড চালু করা ছাড়া আর কিছুই হয়নি। ২৫০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল চালু না হওয়ায় কলেজের চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাস করতে পারছেন না। ফলে তাঁরা পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে গত ৩১ অক্টোবর আন্দোলনে নামেন। তাঁরা সব ক্লাস বর্জন ছাড়াও পরীক্ষা (আইটেম ও কার্ড) ও ওয়ার্ড—সব ধরনের কার্যক্রম বন্ধ করেন। এ বিষয়ে ৫ নভেম্বর সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল শিক্ষা বিভাগের পরিচালক আবদুর রশিদসহ স্থানীয় বিএমএ নেতারা শিক্ষার্থীদের সঙ্গে সভা করে ৩০ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর আশ্বাস দেন। এরপরও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখেন।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নৌপরিবহনমন্ত্রী, সদর আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদসহ আরও কয়েকজন আওয়ামী লীগের নেতা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তিনি এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর ব্যবস্থা করবেন। এ ছাড়া তিনি আজ রোববার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে দেখা করে ছাত্রছাত্রীদের দাবি তুলে ধরবেন। এ আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা তাঁদের আন্দোলন প্রত্যাহার করেন।
পঞ্চম বর্ষের ছাত্র ও আন্দোলনের সমন্বয়ক আলমগীর হোসেন বলেন, মন্ত্রীর ওই আশ্বাসের পর গতকাল বিকেলে তাঁরা সভা করেন। সভায় আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।