
এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফল বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে গতকাল বুধবার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাঁরা সংবাদ সম্মেলনও করেন।
প্রেসক্লাবের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মানসুরা মেহেরুন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তাতে পরীক্ষা বাতিল করে পুনরায় সুষ্ঠু পরীক্ষা গ্রহণ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কয়েকজন চিকিৎসকসহ বেশ কয়েকজনকে আটক করেছে র্যা ব। এতে প্রমাণিত হয় যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীর মাধ্যমে পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস হয়ে যায়। ফলে পুরো পরীক্ষাপদ্ধতি ও তাতে মনোনীত শিক্ষার্থীদের যোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এই পরীক্ষা বাতিল করে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
বেলা ১১টা থেকে প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে কিছু অভিভাবকও যোগ দেন। বিক্ষোভের কারণে জামালখান সড়কের এক পাশ বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি চলে।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, এমবিবিএস ও বিডিএস কোর্সে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা নিয়ে প্রহসন হয়েছে। প্রশ্নপত্র ফাঁস করে এই পরীক্ষায় মেধা যাচাই হয়নি। ঈদের ছুটি শেষে আগামী রোববার থেকে আবার আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন তাঁরা।