শিক্ষার্থীদের আন্দোলনে ক্যাম্পাসে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের নয় দফা দাবি আদায়ের আন্দোলনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিরাজ করছে অচলাবস্থা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা গত মঙ্গলবার রাতে এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।
এরপর গত বুধবার থেকে সব ধরনের ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম বর্জন করেছেন সব বর্ষের শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের দেওয়া লিখিত আশ্বাসে সন্তুষ্ট হতে না পেরে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ড. আশুতোষ সাহা বলেন, ‘যেহেতু সব দাবি মেনে নেওয়া হয়েছে তাই আমরা আশা করছি রোববার থেকে শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করে ক্লাসে যাবে।’
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাতুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে শিক্ষার্থীদের প্রতি অনৈতিক নিয়ম ও অবহেলা প্রদর্শন করে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্যই আমাদের এ আন্দোলন।
শিক্ষার্থীদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো হলের ডাইনিংয়ের জরিমানার নিয়ম বাতিল, হলের ওয়াইফাই ইন্টারনেট ব্যবস্থা উচ্চগতিসম্পন্ন করা, ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, জিপিএ দুই দশমিক পাঁচ বা তার নিচে থাকলে মান উন্নয়ন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া ইত্যাদি।