শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, পরীক্ষা, পাঠদান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অর্ডিনেন্স ফর আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস’-এর একটি ধারা বাতিলের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আটটি ব্যাচের কয়েক শ শিক্ষার্থীর আন্দোলন অব্যাহত রয়েছে। এ আন্দোলনের কারণে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সূত্র জানায়, গতকাল সকাল আটটায় আন্দোলনরত শিক্ষার্থীরা তিনটি একাডেমিক ভবন, দুটি প্রশাসনিক ভবন ও লাইব্রেরি ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ঢুকতে পারেননি। তাই গতকালের মাৎস্য বিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা ও সব ধরনের পাঠদান বন্ধ থাকে। প্রশাসনিক কর্মকর্তারা কাজ যোগ দিতে পারেননি।সকাল ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা কয়েকটি ভাগে ভাগ হয়ে প্রতিটি একাডেমিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অন্যায় আচরণের কারণে আমাদের শিক্ষাজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।’ গত মঙ্গলবার শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে উচ্ছৃঙ্খল কিছু শিক্ষার্থীর হাতে এক শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গতকাল ক্যাম্পাসে মৌন মিছিল বের করে। দুপুর সাড়ে ১২টায় লাইব্রেরি ভবনের সামনে থেকে এ মিছিল শুরু হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আন্দোলনকারী অর্ধশতাধিক শিক্ষার্থী এসে রাস্তায় শুয়ে পড়েন। এ অবস্থায় শিক্ষকেরা মিছিল বন্ধ করে ওই স্থান ত্যাগ করেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, শিক্ষার্থীরা আন্দোলনের নামে কয়েক দিন ধরে শিক্ষকদের সঙ্গে চরম দুর্ব্যবহার ও অশোভন আচরণ করছেন। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বেলা একটার দিকে তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল পাঁচটার দিকে শিক্ষার্থীরা সব কটি ভবনের ফটকে লাগানো তালা খুলে দেন।উদ্ভূত পরিস্থিতিতে বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্রলীগের নেতা ও জ্যেষ্ঠ শিক্ষার্থীরা জরুরি বৈঠক করেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক জামাল উদ্দিন ভূঞা প্রথম আলোকে বলেন, ‘একটি বিকল্প উপায় বের করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার প্রস্তুতি চলছে। আশা করছি, কয়েক দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে।’ ২০০৯-১০ ও ২০১০-১১ শিক্ষাবর্ষের কৃষি, মাৎস্য, কৃষি অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স—এই চারটি অনুষদের আটটি ব্যাচের কয়েক শ শিক্ষার্থী ‘অর্ডিনেন্স ফর আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস’-এর একটি ধারা বাতিলের দাবিতে ২২ জুন থেকে আন্দোলন করছেন। শিক্ষার্থীদের দাবি, প্রতি সেমিস্টারে মোট ক্রেডিটের ২০ শতাংশ নয় বরং ৪০ শতাংশ অনুত্তীর্ণ শিক্ষার্থীকে পরবর্তী সেমিস্টারে পড়ার সুযোগ দিতে হবে।