ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে ছাত্রীদের আন্দোলনের মুখে হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে হলের তিন ছাত্রী বিশ্ববিদ্যালয়ের মৎস্য জাদুঘর চত্বরে বেড়াতে যান। সন্ধ্যার আগে হলে ফেরার সময় তাঁরা ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁদের একজনকে ছুরিকাঘাত করে দুটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। আহত ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁর হাতে সেলাইসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।বিষয়টি জানতে পেরে হলের ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা প্রাধ্যক্ষ আয়েশা সিদ্দিকা ও আবাসিক চিকিৎসক কানিজ ফাতেমার কাছে এ বিষয়ে অভিযোগ করে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। ছাত্রীদের অভিযোগ, প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক তাঁদের ধমক দিয়ে ওই তিন ছাত্রীকে কারণ দর্শনোর নোটিশ দেওয়ার হুমকি দেন।এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকের পদত্যাগের দাবিতে গত বুধবার রাতে হলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। একপর্যায়ে সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন। গতকাল দুপুরে প্রাধ্যক্ষ আয়েশা সিদ্দিকা ও আবাসিক শিক্ষক কানিজ ফাতেমা ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দেন। যোগাযোগ করা হলে আয়েশা সিদ্দিকা বলেন, ‘ছাত্রীরা যেটা চেয়েছিল, সেটা করেছি।’