সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম।
আজ রোববার সকাল থেকেই শিক্ষার্থীরা আট দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে আন্দোলনরত এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন—এমন অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। তাঁর পদত্যাগের জন্য আগামীকাল সোমবার বেলা ১১টা পর্যন্ত সময় বেঁধে দেন তাঁরা।
ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আশুতোষ সাহা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। তবে তাঁর সেটি গৃহীত হয়েছে কি না, সে ব্যাপারে তিনি কিছু বলেননি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল আটটা থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোলচত্বরে অবস্থান নেন। এ সময় তাঁরা সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। শিক্ষার্থীদের বাধার মুখে শিক্ষকেরা একাডেমিক ভবনে ঢুকতে পারেননি। আন্দোলনকারীরা গোলচত্বরে টায়ারে আগুন ধরিয়ে আট দফা দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন। এসব দাবির মধ্যে আছে দোষী চালককে গ্রেপ্তার, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে লেগুনা চলাচল বন্ধ করা, চট্টগ্রাম শহরের নিউমার্কেট থেকে ক্যাম্পাসের গেট পর্যন্ত সিটি বাস সার্ভিস চালু, কালুরঘাটের রাস্তার মাথা থেকে ক্যাম্পাসের গেট পর্যন্ত স্পিড ব্রেকার নির্মাণ ইত্যাদি।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাউজানের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসের পরও আট দফা দাবির একটিও পূরণ হয়নি। তাই তাঁরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজন অভিযোগ করেন, গোলচত্বরে আন্দোলন চলা অবস্থায় আজ তৃতীয় বর্ষের শিক্ষার্থী অটল ভৌমিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আশুতোষ সাহা। তখন তাঁরা তাঁর পদত্যাগ দাবি করে কুশপুত্তলিকা পোড়ান। এরপর তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও ছাত্রকল্যাণ পরিষদে তালা ঝুলিয়ে দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে যাবেন না বলেও জানান তাঁরা।
উপাচার্য মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের দাবির বিষয়ে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবিগুলোর সঙ্গে একমত। তাদের দাবিগুলো আলোচনাধীন আছে।’
২৯ মার্চ চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মোহাইমিনুল ইসলামের মৃত্যু হয়। এর পরের দিন থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তবে আজ থেকে তাঁরা ক্লাস-পরীক্ষা বর্জন করেন।