শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলের প্রাধ্যক্ষ এ এস এম আবু দায়েন। গত রোববার রাতে শিক্ষার্থীদের সামনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
কামাল উদ্দিন হলের কয়েকজন ছাত্র অভিযোগ করেন, প্রাধ্যক্ষ আবু দায়েন হলের বাতি, পানির ট্যাপসহ বিভিন্ন জিনিসপত্র খোয়া যাওয়া প্রসঙ্গে রোববার একটি অনলাইন সংবাদপত্রে বলেন, হলের ছাত্ররা ওই সব জিনিস চুরি করেন। প্রাধ্যক্ষের ওই মন্তব্যের খবর জানাজানি হলে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে রোববার রাত ১১টা থেকে বিক্ষোভ শুরু করেন। প্রাধ্যক্ষের বাসভবনের সামনে জড়ো হয়ে তাঁর পদত্যাগের দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোহেল আহমেদ ছাত্রদের নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু প্রাধ্যক্ষ পদত্যাগ না করা পর্যন্ত ছাত্ররা যাবেন না বলে জানান। একপর্যায়ে রাত ১২টার দিকে প্রাধ্যক্ষ ছাত্রদের সামনে এসে পদত্যাগের ঘোষণা দেন। এরপর আনন্দ মিছিল করেন ছাত্ররা। উপাচার্য আনোয়ার হোসেন জানান, আবু দায়েন রাত তিনটার দিকে তাঁর কাছে পদত্যাগপত্র জমা দেন।
এ এস এম আবু দায়েনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায়।
শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত: উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে গতকাল সোমবারও কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা।
দাবি আদায়ে আজ মঙ্গলবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন।
শূন্য হচ্ছে কোষাধ্যক্ষের পদ: বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের পদ আজ ৭ মে থেকে শূন্য হচ্ছে। ২০০৯ সালের ৬ মে ইতিহাস বিভাগের অধ্যাপক নাসির উদ্দিনকে চার বছরের জন্য কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন আচার্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান।