বরিশালে উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৫০ হাজারের ওপরে। তাঁদের প্রায় ২২ হাজারই ব্রজমোহন (বিএম) কলেজে পড়াশোনা করেন। কলেজের সাতটি ছাত্রাবাসে এক হাজার ২০০ শিক্ষার্থীর থাকার ব্যবস্থা আছে। কিছু শিক্ষার্থী থাকেন নিজ বাড়িতে। অবশিষ্ট প্রায় ১২ হাজার শিক্ষার্থী নগরের বিভিন্ন মেস বা আত্মীয়স্বজনের বাসায় থাকেন। কলেজের অনেক সম্পত্তি থাকার পরও আবাসনসংকটের সমাধান হচ্ছে না।এ ব্যাপারে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এদিকে কলেজের সম্পত্তি খালি পড়ে থাকায় প্রায় ১৫ কোটি টাকার সম্পদ অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছে একটি মহল। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের কাছে ওই সম্পত্তি রক্ষা এবং সেখানে বহুতল ভবন নির্মাণ করে আবাসনসংকট নিরসনের দাবি জানান।কলেজের দখলে থাকা কুঞ্জবিহারী মেমোরিয়াল (লালু ভবন) রক্ষার্থে গত সোমবার বেলা ১১টায় শিক্ষার্থীরা কলেজে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেন। একই সঙ্গে তাঁরা কলেজ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান, ওই এক একর সম্পত্তিতে ছাত্রাবাস নির্মাণের।বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার সভাপতি রেজাউল ইসলাম বলেন, ‘কলেজের এত সম্পত্তি থাকার পরও আবাসনসংকট প্রকট। আমরা চাই অবিলম্বে ওই সম্পত্তিতে ছাত্রাবাস নির্মাণ করে ছাত্রদের থাকার ব্যবস্থা করা হোক।’ ছাত্র অধিকার আন্দোলন সমন্বয় পরিষদের সমন্বয়কারী শামীমা সুলতানা বলেন, ‘আমরা কলেজের সম্পত্তি বেহাত হতে দিতে পারি না।’কলেজ সূত্র জানায়, ৫৮ একর জমির ওপর নির্মিত ব্রজমোহন কলেজটি দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮টি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৯টি বিষয়ে স্নাতকোত্তর চালু থাকা কলেজটিতে বর্তমানে প্রায় ২২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। ছাত্রাবাসের প্রতি সিটে দুজন করে সর্বোচ্চ দুই হাজার শিক্ষার্থী গাদাগাদি করে থাকেন। কলেজের নামে থাকা কুঞ্জবিহারী মেমোরিয়ালের এক একর সম্পত্তিতে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সুন্দ্রে ভবন, দেবেন্দ্র ভবন ও নৃপেন্দ্র ভবন ভেঙে সেখানেও ছাত্রাবাস নির্মাণ করা হবে।কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক শচীন কুমার রায় প্রথম আলোকে বলেন, কলেজে আবাসনসংকট তীব্র। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জিয়াউল হক বলেন, কলেজের সম্পত্তি লালু ভবনে একসময় ছাত্রীরা থাকতেন। বর্তমানে কলেজে আবাসনসংকট থাকায় দুটি ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। এর একটি ওই সম্পত্তিতে নির্মাণ করার জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে।কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস প্রথম আলোকে বলেন, নগরে ব্রজমোহন কলেজের এ রকম চারটি সম্পত্তি রয়েছে। এর মধ্যে এক একর সম্পত্তি লালু ভবনের। আমাদের পরিকল্পনা রয়েছে ওখানে বহুতল ভবন নির্মাণ করার। মন্ত্রণালয় দুটি বহুতল ভবন নির্মাণের অনুমতি দিয়েছে।