শিক্ষার্থীদের আয়োজনেই শেষ শতবর্ষের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে রংপুরের কারমাইকেল কলেজের দুই দিনব্যাপী শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান গতকাল শনিবার শেষ হয়েছে। এর আগে প্রধান অতিথি নির্বাচন নিয়ে মতবিরোধ হওয়ায় কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য উদ্যাপন অনুষ্ঠান স্থগিত করে। এতে প্রাক্তন শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে এ আয়োজন করেন।
উত্তরাঞ্চলের এ শিক্ষাপ্রতিষ্ঠান গত ১০ নভেম্বর শতবর্ষে পদার্পণ করে। প্রথম দফায় ৪ ও ৫ নভেম্বর শতবর্ষ উদ্যাপনের তারিখ ঘোষণা করে কারমাইকেল কলেজের শতবর্ষ উদ্যাপন কমিটি। পরে কলেজের শিক্ষক পরিষদের সিদ্ধান্তে তা পরিবর্তন করে ২৩ ও ২৪ ডিসেম্বর করা হয়।
কলেজ সূত্র জানায়, স্থানীয় জাতীয় পার্টি সাবেক রাষ্ট্রপতি ও পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে প্রধান অতিথি হিসেবে চাইছিল। এরশাদ এই কলেজেরই শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে কলেজ প্রশাসন প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে চাইছিল। এ নিয়ে প্রাক্তন শিক্ষার্থী ও কলেজ প্রশাসনের মধ্যে সমঝোতা না হওয়ায় ১৪ ডিসেম্বর কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য উদ্যাপন অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে।
এ ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে তাৎক্ষণিকভাবে একটি উদ্যাপন পর্ষদ গঠন করা হয়। পরে প্রাক্তন শিক্ষার্থীরাই স্থানীয় উদ্যোগে কলেজ প্রাঙ্গণের বাইরে প্রবেশের প্রধান ফটকে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেন।
শতবর্ষ উদ্যাপনের শেষ দিনে গতকাল আলোচনা, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। তিনজন ভাষাসৈনিকসহ প্রাক্তন শিক্ষার্থীরা এতে অংশ নেন। তিন ভাষাসৈনিক হলেন শাহ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আফজাল ও সুফি মোতাহার হোসেন।
ভাষাসৈনিকেরা স্মৃতিচারণা করে বলেন, রংপুরে ভাষা আন্দোলনের বিরোধিতা করেছিলেন এই কলেজের ওই সময়ের অধ্যক্ষ। তাঁর বিরুদ্ধে কলেজের শিক্ষার্থীরাই আন্দোলন গড়ে তুলেছিলেন। শতবর্ষ উদ্যাপন পর্ষদের আহ্বায়ক শিক্ষক সুজন শাহ-ই ফজলুল বলেন, শতবর্ষ উদ্যাপনের জন্য ২ হাজার প্রাক্তন শিক্ষার্থী ও ১৩ হাজার বর্তমান শিক্ষার্থী নিবন্ধন করেছেন।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ মিয়া বলেন, প্রধান অতিথি কে হবেন—তা নির্ধারণ হলেই শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানের তারিখ জানিয়ে দেওয়া হবে।