ষষ্ঠ শ্রেণির ৮২ শতাংশ শিক্ষার্থীর গণিত শেখার কাঙ্ক্ষিত দক্ষতা নেই। একই শ্রেণির ইংরেজিতে ৯২ শতাংশ ও বাংলায় ৮৯ শতাংশের কাঙ্ক্ষিত দক্ষতা নেই। এই তিন বিষয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের দক্ষতার চিত্র ভালো নয়।
মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শেখার দক্ষতার এ রকম দুর্বল চিত্র ফুটে উঠেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মূল্যায়ন প্রতিবেদনে। সারা দেশের ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির সাত হাজার ১৪৩ জন ও অষ্টম শ্রেণির সাত হাজার ১৬৯ জন শিক্ষার্থীর তিন বিষয়ে শেখার দক্ষতা নিয়ে এই মূল্যায়নের কাজটি করে মাউশির তদারক ও মূল্যায়ন শাখা। গত ডিসেম্বরে এই মূল্যায়ন হলেও গতকাল বৃহস্পতিবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
এই মূল্যায়ন প্রতিবেদন নিয়ে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে আয়োজিত কর্মশালায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বিশ্বের অনেক দেশে পরিস্থিতি এর চেয়েও খারাপ। তবে এই প্রতিবেদনের ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
মাউশির তদারক ও মূল্যায়ন শাখার পরিচালক দিদারুল আলম প্রথম আলোকে বলেন, মূলত পাঠ্যক্রমের ভিত্তিতে এই মূল্যায়নটি করা হয়েছে। এটি দিশারি মূল্যায়ন। আগামী বছর থেকে জাতীয়ভাবে মূল্যায়ন করা হবে।
প্রতিবেদনে দেখা যায়, ষষ্ঠ শ্রেণির গণিতে ১৩ শতাংশের কাঙ্ক্ষিত দক্ষতা আছে। আর কাঙ্ক্ষিত দক্ষতার চেয়ে বেশি আছে ৫ শতাংশ শিক্ষার্থীর। ইংরেজিতে কাঙ্ক্ষিত দক্ষতা আছে ৭ শতাংশের ও বেশি আছে মাত্র ১ শতাংশের। বাংলায় ১০ শতাংশ শিক্ষার্থীর কাঙ্ক্ষিত দক্ষতা আছে। ১ শতাংশ প্রয়োজনের চেয়েও এগিয়ে আছে।
অষ্টম শ্রেণিতে গণিত শেখার ব্যাপারে ২২ শতাংশ শিক্ষার্থীর কাঙ্ক্ষিত দক্ষতা আছে ও ১৩ শতাংশের কাঙ্ক্ষিতের চেয়ে বেশি দক্ষতা আছে। ইংরেজিতে প্রয়োজনীয় দক্ষতা নেই ৬৬ শতাংশের। ইংরেজিতে কাঙ্ক্ষিত দক্ষতা আছে ২৩ শতাংশের ও কাঙ্ক্ষিতের চেয়ে বেশি দক্ষতা আছে ১১ শতাংশের। অষ্টম শ্রেণিতে বাংলা শেখার দক্ষতা তুলনামূলকভাবে ভালো। ৩৮ শতাংশের বাংলা শেখার কাঙ্ক্ষিত দক্ষতা আছে ও ১১ শতাংশের কাঙ্ক্ষিতের চেয়ে বেশি দক্ষতা আছে।