বিচারপতি কাজী রেজাউল হক বলেছেন, দুর্বৃত্তরা শিক্ষাপ্রতিষ্ঠান পোড়াতে পারলেও শিক্ষার্থীদের ইচ্ছা ও স্বপ্ন—কিছুই পোড়াতে পারে না। জ্ঞান-বিদ্যাও কেড়ে নিতে পারে না।
দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত সুলতানা মেমোরিয়াল গার্লস হাইস্কুল পরিদর্শনকালে বিচারপতি কাজী রেজাউল হক এসব কথা বলেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর দাগনভূঞা উপজেলার ওমরপুর গ্রামের সুলতানা মেমোরিয়াল গার্লস হাইস্কুলে ভোটকেন্দ্র করা হয়। ২ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে বিদ্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। গত ২০ ফেব্রুয়ারি জহুর ফাউন্ডেশনের উদ্যোগে পুড়ে যাওয়া স্কুলভবনটি ভেঙে নতুন একটি ভবনের নির্মাণকাজ শুরু করা হয়।
গতকাল শনিবার বিদ্যালয় পরিদর্শনকালে বিচারপতি কাজী রেজাউল হককে সংবর্ধনা দেয় স্কুল কর্তৃপক্ষ।
জহুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেখার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জায়লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশীদ, স্কুলের প্রধান শিক্ষক মনির আহামঞ্চদ, ফেনী প্রেসক্লাবের সভাপতি বখতেয়ার ইসলাম।
বিচারপতি ছাত্রীদের উদ্দেশে বলেন, নিজেকে একজন নারী ভাবলে সমাজে বৈষ্যমের শিকার হতে হয়। সব বৈষম্য রোধে নিজেকে একজন পূর্ণ নাগরিক ভাবতে শিখতে হবে। বাল্যবিবাহ রোধে অপ্রাপ্ত বয়সের মেয়েদেরকেই পরিবারে কঠোর প্রতিবাদী হতে হবে।