শিক্ষার্থীদের ইসলামের সঠিক ব্যাখ্যা জানানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীরা যাতে ভুল পথে না যায়, বিপথগামী না হয়, সে জন্য তাদেরকে ইসলামের সঠিক শিক্ষা দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বুধবার বিকেলে রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য একটা ভালো শিক্ষাব্যবস্থা তৈরি করা। শিক্ষক সমাজের প্রতি আমার আহ্বান রইল, শিক্ষার্থীদের ইসলামের সঠিক ব্যাখ্যা জানানো, যাতে তারা ভুল পথে না যায়, বিপথগামী না হয়।’
স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত ‘গুপ্তহত্যা ও জঙ্গি তৎপরতা দমনে শিক্ষক সমাজের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল মান্নান চৌধুরী।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার সময়, এমনকি তার আগে থেকেই ইসলামকে ভুল ব্যাখ্যা দিয়ে এসেছে একটি গোষ্ঠী। তারা আজকের দিনেও দেশে জঙ্গিবাদীদের সহযোগিতা করছে। দেশে গুপ্তহত্যা করছে। তাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে হবে। দেশের শিক্ষকদের এ গুরুদায়িত্ব পালন করতে হবে। নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যে শিক্ষকদের বেতন দ্বিগুণ বৃদ্ধি করেছি। আমরা গর্ব করে বলতে পারি, এবারের বাজেটের শতকরা ৯০ ভাগ দেশের টাকা। গরিব-মেহনতি মানুষের টাকা। বাজেটে শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে শিক্ষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাশিপের কেন্দ্রীয় সদস্য এম এ আওয়াল সিদ্দিকী, সাজিদুল ইসলাম, শাহাদাৎ হোসেন রানা, সাঈদুর রহমান পান্না প্রমুখ।