ঈদের ছুটি শেষ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের বেশির ভাগ সরকারি-বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠান খুলেছে। কিন্তু হরতালের প্রভাব ও ঈদের ছুটির আমেজ মিলিয়ে খোলার প্রথম দিনে এসব প্রতিষ্ঠান ছিল প্রায় শিক্ষার্থীশূন্য। সরকারি মাধ্যমিক স্কুল ও কলেজ এবং সিটি করপোরেশনের কলেজগুলোতে গত ২০ জুলাই ও স্কুলে ১৪ জুলাই থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯ জুলাই থেকে ছুটি শুরু হয়েছে। গতকাল বিভিন্ন বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীর উপস্থিতি প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেছেন, ‘ঈদের পর খোলার প্রথম দিনে গতকাল প্রায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের উপস্থিতি শতভাগ থাকলেও শিক্ষার্থী ছিল নগণ্য। হরতালের কারণে দূরদূরান্তের ছেলেমেয়েরা হাজির হতে পারেনি। আবার বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়ি থেকে অনেকেই এখনো ফিরে আসেনি।’সরেজমিনে নগরের জামালখান, নন্দনকানন, নিউমার্কেট, চকবাজার, দামপাড়া, পাঁচলাইশ, কোতোয়ালি, আগ্রাবাদ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে দেখা যায়, এসব প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষগুলো ছিল প্রায় ফাঁকা। শিক্ষক মিলনায়তনে নিজেদের মধ্যে আলাপ-আলোচনায় ব্যস্ত সময় কাটিয়েছেন শিক্ষকেরা। নগরের জামাল খান এলাকার ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, ‘আমাদের বেশির ভাগ শিক্ষার্থী ঈদের ছুটিতে তাদের গ্রামের বাড়িতে চলে যায়। ফলে স্কুল খোলার প্রথম দিকে তাদের উপস্থিতি কম থাকে। হরতাল থাকার কারণে এই অনুপস্থিতির হার কিছুটা বেড়েছে।’ গতকাল এই স্কুলে ১৫-১৬ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানা যায়।অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতা বেগম বলেন, ‘হরতালের সময়ে মেয়েরা স্কুলে এলে আমরা ক্লাস নিয়ে থাকি। কিন্তু গতকাল ঈদের ছুটির পরে খোলার প্রথম দিনে কোনো ছাত্রীই আসেনি। ফলে কোনো ক্লাস হয়নি।’ নগরের বিভিন্ন উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও গতকাল ছিল হরতাল ও ঈদের ছুটির আমেজ। এ কারণে শিক্ষকেরা নিয়মমাফিক কলেজে হাজির হলেও ছাত্রছাত্রীর উপস্থিতি আশানুরূপ পর্যায়ে ছিল না। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অর্থনীতি বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবদুল আলীম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকেরা সবাই উপস্থিত থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। আমাদের ধারণা, নগরের বাইরের অনেক শিক্ষার্থী ঈদের ছুটির সঙ্গে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি কাটিয়ে ফিরবে।’