‘স্কুল ফাঁকি’ ঠেকাতে এবার ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। চট্টগ্রাম নগরের জামালখান ওয়ার্ডের কুসুম কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ‘ডিজিটাল অ্যাটেনডেন্স মেশিন’। গতকাল শনিবার সকালে এই প্রযুক্তির উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রথমবারের মতো ডিজিটাল মেশিন বসানো হয়েছে। প্রাথমিকভাবে কুসুম কুমারী বিদ্যালয়ে তিনটি মেশিন বসানো হয়েছে। পরে আরও দুটি মেশিন বসানো হবে। এ ছাড়া পর্যায়ক্রমে সিটি করপোরেশন পরিচালিত সব বিদ্যালয়ে এই ব্যবস্থা চালু করা হবে।
কুসুম কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। এখানে শিক্ষার্থী রয়েছে ১ হাজার ৪২ জন।
এদিকে গতকাল বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মেয়র আ জ ম নাছির বলেন, ডিজিটাল অ্যাটেনডেন্স মেশিনের মাধ্যমে অভিভাবকেরা সন্তানদের বিদ্যালয়ে উপস্থিত থাকার সব তথ্য জানতে পারবেন। এ ছাড়া বিদ্যালয়ের পরীক্ষা ও শ্রেণি কার্যক্রমের সময়সূচি, বন্ধের যাবতীয় তথ্য অভিভাবকদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। সিটি করপোরেশন পরিচালিত সব বিদ্যালয়ে পর্যায়ক্রমে এই পদ্ধতি চালু করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার বেগম, সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল্লাহ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক চম্পা মজুমদার প্রমুখ।