শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতির ‘বিভিন্ন অনিয়মের’ প্রতিবাদে বিক্ষোভরত সাধারণ শিক্ষার্থীদের ওপর গতকাল বুধবার হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে ১৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। তাঁরা আজ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের সভাপতি মাহবুবুল আরফিন নিয়মিত ক্লাস-পরীক্ষা নেন না, ফল প্রকাশে গাফিলতি করেন, বিভাগের সেমিনার হল, লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদের ব্যবহার করতে দেন না। এসব অভিযোগ-সংবলিত একটি স্মারকলিপি গত শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিনের কাছে পেশ করেছেন শিক্ষার্থীরা।প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, মাহবুবুল আরফিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। একপর্যায়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শামসুজ্জামান লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেন। শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে প্রক্টর মেহের আলীও সামান্য আহত হন।হামলার প্রতিবাদে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাশের মধুপুর এলাকায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন। বেলা একটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। বেলা দেড়টার দিকে তাঁরা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে সংবাদ সম্মেলন করতে যান। ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে গিয়ে ধাওয়া করে তাঁদের তাড়িয়ে দেন।ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘একটি পক্ষ বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। ছাত্রলীগ তা প্রতিহত করেছে মাত্র।’