শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, পরীক্ষা পণ্ড
বগুড়ায় কারিগরি শিক্ষা বোর্ডের সমাপনী পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের ওপর শহর ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে চার শিক্ষার্থী আহত হন ও পরীক্ষা পণ্ড হয়ে যায়৷আজ বৃহস্পতিবার শহরের সাতমাথায় সরকারি বাণিজ্যিক মহাবিদ্যালয় (কলেজ) কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।
ওই কেন্দ্রে বাণিজ্যিক কলেজ এবং জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির (নেকটা) পরীক্ষা চলছিল৷
শহর ছাত্রলীগের সাবেক সভাপতি জুলফিকার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ বিকেলে নেকটার একটি সমঝোতা বৈঠক হয়েছে। বৈঠকে ছাত্রলীগের নেতারা ছাড়াও দুই কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। সেখানে বিষয়টির শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়েছে৷’
দুই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা গ্রহণের নিয়ম অনুযায়ী নেকটার ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজের শিক্ষার্থীরা সরকারি বাণিজ্যিক কলেজ কেন্দ্রে এবং বাণিজ্যিক কলেজের শিক্ষার্থীরা নেকটার কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন। গত বুধবার নেকটার শিক্ষার্থীরা বাণিজ্যিক কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে সেখানকার এক কর্মচারী নেকটার এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন। পরীক্ষা শেষে অন্য শিক্ষার্থীরা বিষয়টি জানার পর ওই কর্মচারীকে মারধর করেন৷
ওই ঘটনার জেরে আজ নেকটার শিক্ষার্থীরা বাণিজ্যিক কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে শহর ছাত্রলীগের কর্মীরা তাঁদের ওপরে হামলা চালান৷ এতে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ না নিয়ে প্রতিষ্ঠানে ফিরে গিয়ে বাণিজ্যিক কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা করেন৷ সে সময় পুলিশ ও তাঁদের প্রতিষ্ঠানের শিক্ষকদের বাধায় তাঁরা নেকটার চত্বর থেকে বেরিয়ে যান৷ ওই ঘটনার পর নেকটার পরীক্ষা গ্রহণও বন্ধ হয়ে যায়৷ পরীক্ষা ভন্ডুল হলেও বাণিজ্যিক কলেজের শিক্ষার্থীরা নেকটায় অবরুদ্ধ হয়ে পড়েন।
পরে বাণিজ্যিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহম্মেদ ও শাজাহানপুর থানার ওসি আবদুল মান্নান ঘটনাস্থলে গিয়ে নেকটার শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীদের উদ্ধার করেন৷