শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন একাডেমির (উচ্চ বিদ্যালয়) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কে এ কর্মসূচি পালন করে। সকাল থেকে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও হামলার প্রতিবাদ জানাতে বিদ্যালয়ে সমবেত হন। পরে সকাল ১০টায় শিক্ষার্থী ও অভিভাবকেরা সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিসংবলিত ব্যানার ও পোস্টার নিয়ে মানববন্ধন করেন।এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিযোগ করেন, একাডেমির সামনের নয় শতাংশ জমি নিয়ে স্থানীয় মো. মাসুদ নামের এক ব্যক্তির সঙ্গে বিরোধ রয়েছে। যার জের ধরে গত রোববার মাসুদের লোকজন কয়েকজন শিক্ষার্থীর পথ রোধ করে তাদের মারধর করে। এ ঘটনায় ইউনুস নবী বাদী হয়ে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করলেও থানা-পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার না করায় বাধ্য হয়ে তাঁরা রাস্তায় নেমেছেন। জানতে চাইলে মামলা দায়ের হওয়ার কথা নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির।