দুর্ঘটনা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে পিটুনি দেন গ্রামবাসী। প্রতিবাদে শিক্ষার্থীরা হামলাকারীদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন। এ নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার পর বিশ্ববিদ্যালয় এলাকার সব দোকানপাট ও যান চলাচল ২৪ ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়।গত শুক্রবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ, বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে সমঝোতার পর গতকাল শনিবার বেলা একটার দিকে দোকানপাট খোলা ও যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থী, গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বেলা একটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের সামনের সড়কে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় একটি ছাগল আহত হয়। ছাগলটির মালিক সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সালমানপুর গ্রামের জাকির হোসেন। তিনি মাইক্রোবাসের চালককে মারধর করতে থাকেন। তখন ওই হলের আবাসিক ছাত্র তানভীর হাসান ও রেজা হক তাঁকে মারধর না করে জরিমানা আদায়ের কথা বলেন। এ নিয়ে জাকির হোসেন ও তাঁর বোনের ছেলে ইজিবাইকচালক জসিম উদ্দিনের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে জাকির, জসিমসহ কয়েকজন গ্রামবাসী মিলে তাঁদের পিটুনি দেন। পরে আরও আট-নয়জন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাঁদেরও মারধর করা হয়।উত্তেজিত শিক্ষার্থীরা পরে জোট বেঁধে জাকিরের বাড়িতে গিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন। এরপর তাঁরা জসিমের বাড়ির দিকে অগ্রসর হলে প্রতিরোধের মুখে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। বাড়িঘরে হামলার প্রতিবাদে গ্রামবাসী বিশ্ববিদ্যালয় এলাকার সব দোকানপাট বন্ধ করে দেন। পাশাপাশি কোটবাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। গতকাল বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক সমঝোতা বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের দোকানে খাবারের ন্যায্যমূল্য রাখা হবে।