রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে একাধিক রাজনৈতিক দল বিবৃতি দিয়েছে। গতকাল শুক্রবার দেওয়া এসব বিবৃতিতে আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবি জানানো হয়।
হামলাকারীদের গ্রেপ্তার ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবিতে সিপিবি, গণফোরাম ও বাসদ আগামী সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর ১২টায় মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদ ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা যেভাবে গুলি চালিয়েছে তা কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। প্রকৃত অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের নামে মামলা দেওয়া হচ্ছে।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এক বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের যৌথ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি যৌক্তিক দাবি মেনে নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে একই দাবি জানিয়েছেন। এ ছাড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান এক বিবৃতিতে এসব ঘটনা তদন্তের পাশাপাশি যেকোনো মূল্যে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের নিশ্চয়তা দাবি করেন।