রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে চারটি রাজনৈতিক দল ও সংগঠন।
গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণফোরাম ও নাগরিক ঐক্য।
মানববন্ধন থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও তাঁদের মদদদাতাদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সেগুলো প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বেসরকারীকরণের যে প্রক্রিয়া চলছে, তা বন্ধ করতে হবে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশের রাজনৈতিক অঙ্গনে ভয়াবহ অশনিসংকেত দেখতে পাচ্ছি। দুই জোটের কাছে দেশ নিরাপদ নয়। আসুন, আমরা বিকল্প ঐক্য গড়ে তুলি।’