শিক্ষার্থীদের ওপর হামলাকারীরা কেউ যুবলীগের নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়ায় হামলা চালিয়ে ভূঁইয়ারা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আহত করার ঘটনায় যুবলীগের কোনো নেতা-কর্মী জড়িত নন বলে দাবি করেছে সংগঠনটি। হামলার ঘটনার পাঁচ দিন পর গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা যুবলীগ চাঁদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করে।
সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া বলেন, ভূঁইয়ারা উচ্চবিদ্যালয়ের ঘটনায় যুবলীগের কোনো নেতা-কর্মী সম্পৃক্ত ছিলেন না। একটি মহল যুবলীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বিতর্কিত করতে সন্ত্রাসী দিয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। তিনি ওই হামলার ঘটনায় প্রকৃত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন।
কচুয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল আলম বলেন, ‘যারা এই ঘটনায় অভিযুক্ত, তাঁরা কেউ সংগঠনের কচুয়া উপজেলা, ইউনিয়ন বা ওয়ার্ডের কোনো কমিটিতে নেই।’
সংবাদ সম্মেলনে জেলা-উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের জন্য চাঁদা চেয়ে না পেয়ে স্থানীয় যুবলীগ কর্মী ফারুক হোসেন, মো. লিটন, মনির হোসেনসহ একদল সন্ত্রাসী ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুজন শিক্ষককে লাঞ্ছিত করেছিলেন। এর প্রতিবাদে পরের দিন শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করলে ওই সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা করেন। এতে আহত হয় অন্তত ৪০ শিক্ষার্থী।
হামলার ঘটনার পর বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের উপস্থিতি ব্যাপকভাবে কমে যায়। তাঁদের আতঙ্ক কাটাতে ও ক্লাসে ফেরাতে এলাকায় মাইকিং করা হয়। হামলার ঘটনায় করা মামলায় কচুয়া থানা-পুলিশ এজাহারভুক্ত মূল আসামিসহ আটজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। আহত ও আতঙ্কিত শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে দেখা করতে বুধবার বিদ্যালয়টিতে যান স্থানীয় সাংসদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।