শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষায় অতিরিক্ত ২০০ টাকা করে নেওয়া হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলা সদরের ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের কাছ থেকে এ টাকা নেওয়া হয়।বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ সূত্রে জানা গেছে, এই কেন্দ্রের চলতি উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ ও ফরদাবাদ ড. রওশন আলম কলেজ থেকে কম্পিউটার শিক্ষা বিষয়ে ২১৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। কৃষিশিক্ষা বিষয়ে অংশ নেয় বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের ২১৭ জন পরীক্ষার্থী। বুধ ও বৃহস্পতিবার কৃষিশিক্ষা এবং গত শুক্রবার কম্পিউটার শিক্ষা বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্রসচিব) মো. মফিজুল ইসলাম ব্যবহারিক পরীক্ষায় প্রতিটি বিষয়ের জন্য অতিরিক্ত ২০০ টাকা করে নিয়েছেন।কেন্দ্রে গিয়ে একাধিক পরীক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ফরম পূরণের সময় ব্যবহারিক পরীক্ষার ফিসহ এক হাজার ৪১০ টাকা দেওয়া হয়। তার পরও ব্যবহারিকের প্রতিটি বিষয়ের জন্য অতিরিক্ত এই টাকা দিতে বাধ্য করা হয়।মো. মফিজুল ইসলাম অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘ফরম পূরণের সময় নেওয়া অর্থ দিয়ে ব্যবহারিক পরীক্ষার খরচ চালানো সম্ভব নয়। এ কারণেই পরীক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়েছে।’ ফরম পূরণ ছাড়া ব্যবহারিক পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়া বৈধ কি না, জানতে চাইলে তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউছার হোসেন বলেন, ফরম পূরণের পর পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার টাকা নেওয়া বৈধ নয়।কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সিহাব উদ্দিন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।