গণপরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্দেশ দিলেও তা কার্যকর করবে কে, সেই প্রশ্ন তুলেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল। মন্ত্রীর নির্দেশ কার্যকর করার দাবিতে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। এতে নগরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম সেকান্দর চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক
নুরুল আজিম প্রমুখ। স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক রাগীব আহসান সমাবেশে সভাপতিত্ব করেন।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে গণপরিবহনে অর্ধেক ভাড়ায় শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতের ব্যবস্থা চালু রয়েছে। অথচ চট্টগ্রামের শিক্ষার্থীরা এই সুবিধা থেকে বঞ্চিত। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চট্টগ্রামে এসে সংবাদ সম্মেলন করে গণপরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া আদায় করার নির্দেশ দেন। কিন্তু এ সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় মন্ত্রী গত আগস্ট মাসে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু মন্ত্রীর নির্দেশ এখনো বাস্তবায়িত হয়নি। স্কুল ও কলেজে যাতায়াতের সময় শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার মন্ত্রীর নির্দেশ বাস্তবায়িত না হলে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানান তাঁরা।