শিক্ষার্থীদের কাছ থেকে আবারও বেতন আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন লঙ্ঘন করে যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে আবারও ভর্তি ও বেতন বাবদ অর্থ আদায় করা হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তির সময়ে শিশু থেকে পঞ্চম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ এককালীন ৩০০ টাকা এবং শিশু শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন ৫০ টাকা, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা করে আদায় করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক আইন-১৯৯২ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেতন আদায় সম্পূর্ণ বেআইনি।
জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ওই বিদ্যালয় কর্তৃপক্ষ এর আগেও শিক্ষার্থীদের কাছ থেকে বেআইনিভাবে বেতন আদায় করেছে। এ নিয়ে ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি ‘শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায়ের অভিযোগ’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিদ্যালয়ের তত্কালীন প্রধান শিক্ষক খালেদ আহম্মেদ বেতন আদায় বন্ধ করে দেন। পরে তিনি অন্যত্র বদলি হয়ে চলে যান। এর পর থেকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন শিক্ষক নাসিমা খান।
সম্প্রতি বিদ্যালয়ে গিয়ে নাসিমা খানকে পাওয়া যায়নি। তিনি ছুটিতে রয়েছেন বলে জানান সহকারী শিক্ষক অমল কুমার দাস। আমল কুমার দাস বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নেওয়া হয় না। যা নেওয়া হয় সেটি হচ্ছে অনুদান। সেটি নেন বিদ্যালয় পরিচালনা কমিটির নিয়োগ দেওয়া বেসরকারি শিক্ষকেরা।
বিদ্যালয়ের বেসরকারি শিক্ষক লুত্ফর রহমান বলেন, ‘আমরা ১২ থেকে ১৮ বছর ধরে বেসরকারি শিক্ষক হিসেবে আছি। শিক্ষার্থীদের মাসিক বেতনের টাকায় আমাদের বেতন হয়। যে কারণে টাকা নেওয়া হচ্ছে।’
নাম প্রকাশ না করার শর্তে একজন অভিভাবক বলেন, ‘বেতন আদায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে বাচ্চারা শিক্ষকদের নজরে পড়ে যায়। তখন শিক্ষকেরা তাঁদের ক্ষোভ বাচ্চাদের ওপরে মেটান। এতে বাচ্চাদের পরীক্ষার ফল খারাপ হয়। এই ভয়ে আমরা কেউ মুখ খুলতে পারি না।’
যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক বলেন, ‘সাত-আট মাস স্কুলটিতে বেতন আদায় বন্ধ ছিল। আবার তা শুরু হয়েছে। বেতন আদায় বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’