শিক্ষার্থীদের কাছ থেকে কৌশলে বেশি অর্থ নিচ্ছে কলেজগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলেজগুলো এবার ভর্তি ফরম বিক্রির সময় কৌশলে শিক্ষার্থীদের কাছ থেকে বেশি টাকা আদায় করছে। ভর্তি ফরমের সঙ্গে দেওয়া হচ্ছে আলাদা নির্দেশিকা (প্রসপেক্টাস)। কোনো নিয়ম না থাকলেও তা কিনতে বাধ্য হচ্ছে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। কলেজগুলো এর সত্যতা স্বীকার করে প্রসপেক্টাসের উৎপাদনখরচ দেখিয়ে এর পক্ষে যুক্তি দিচ্ছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, কেউ প্রসপেক্টাস দিলে এমনিতেই দিতে হবে।‘উচ্চমাধ্যমিক স্তরে ভর্তির নীতিমালা-২০১০’ এ বলা হয়েছে, ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফরম বাবদ ১০ টাকা এবং ভর্তি-ব্যবস্থাপনা ব্যয় নির্বাহের জন্য ৫০ টাকা হিসাবে মোট ৬০ টাকা নেওয়া যাবে। কিন্তু বাস্তবে কলেজগুলো ১০০ থেকে ১৫০ টাকা করে আদায় করছে। সরকারি-বেসরকারি অনেক নামীদামি কলেজও নীতিমালার এ কথা মানছে না।কলেজগুলো বলছে, তারা ভর্তি ফরমের সঙ্গে আলাদা একটি নির্দেশিকা (প্রসপেক্টাস) দিচ্ছে। এ কারণেই বাড়তি টাকা নেওয়া হচ্ছে। ওই টাকা আদায়ের রসিদও দেওয়া হচ্ছে। কাজেই এটা অবৈধ নয়। ভর্তির নীতিমালায় নির্দেশিকার জন্য আলাদা ফি নেওয়ার কোনো নিয়ম নেই। নীতিমালায় প্রথম ৬০ টাকা ছাড়া ভর্তির সময় অন্য কিছু ফির অনুমোদন আছে। সেখানেও নির্দেশিকার জন্য ফি নেওয়ার কোনো সুযোগ নেই। খোঁজ নিয়ে দেখা গেছে, ঢাকা ইম্পেরিয়াল কলেজে ৬০ টাকার জায়গায় নেওয়া হচ্ছে ১৫০ টাকা। সরকারি ঢাকা কলেজে নেওয়া হচ্ছে ১১০ টাকা। আর নটর ডেম কলেজ, ঢাকা কমার্স কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা উইমেন্স কলেজ ও আবু জর গিফারী কলেজসহ নগরের বেশির ভাগ কলেজে নেওয়া হচ্ছে ১০০ টাকা করে। কলেজগুলোতে ফরম বিতরণের নির্ধারিত সময়সীমা আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে।সরকারনির্ধারিত ৬০ টাকার বেশি নিতে পারেন কি না জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ সিরাজউদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁরা ভর্তি ফরমের সঙ্গে আলাদা একটি সুসজ্জিত চার রঙের নির্দেশিকা দিচ্ছেন। এর দাম হিসেবে তাঁরা ৫০ টাকা বেশি নিচ্ছেন। অধ্যক্ষ বলেন, এ টাকা বাবদ রসিদও দেওয়া হচ্ছে। নির্দেশিকা শিক্ষার্থীদের জন্য জরুরি কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ছাত্রদের সুবিধার্থে এটি দেওয়া হচ্ছে। এটি শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী।’নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন ডি কস্তা বলেন, ফরম ছাড়াও তাঁরা একটি ‘বুকলেট’ দিচ্ছেন। এ জন্য বাড়তি ৪০ টাকা নেওয়া হচ্ছে। ঢাকা উইমেন্স কলেজের অধ্যক্ষ এ এফ এম নজরুল মজিদ জানান, তাঁরাও প্রসপেক্টাসের জন্য আলাদা টাকা নিচ্ছেন। এটি ছাড়া শিক্ষার্থীরা ‘অনেক কিছুই জানতে পারবে না’ বলে মন্তব্য করেন তিনি।নাম প্রকাশ না করার শর্তে একজন অধ্যক্ষ বলেন, শুধু তাঁরা নন, ঢাকায় কোনো কলেজেই ৬০ টাকায় ফরম দেওয়া হচ্ছে না। যোগাযোগ করা হলে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কলেজ) মফিজুল ইসলাম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘নির্দেশিকার কথা নীতিমালার কোথাও উল্লেখ নেই। কেউ নির্দেশিকা দিলে এমনিতেই দেওয়ার কথা। কিন্তু টাকার বিনিময়ে নির্দেশিকা নিতে শিক্ষার্থীদের বাধ্য করা যাবে না।’মফিজুল ইসলাম বলেন, নীতিমালায় যেসব ফি অনুমোদন করা হয়েছে, এর বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে এক টাকাও বেশি আদায় করা যাবে না। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তাঁরা ব্যবস্থা নেবেন বলে সচিব জানান।