ভর্তির নীতিমালা লঙ্ঘন করে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ফি ১০ দিনের মধ্যে ফেরত অথবা সমন্বয় করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ ছাড়া কোন কোন খাতে কী কী ফি আদায় করা হয়েছে, তার প্রতিবেদনও ১০ দিনের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই নির্দেশ দেওয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় নগরের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ভর্তি নীতিমালায় স্পষ্ট উল্লেখ আছে, ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ভর্তির ক্ষেত্রে তিন হাজার টাকার বেশি নেওয়া যাবে না। এমনকি কোনো উন্নয়ন ফিও নেওয়া যাবে না। কিন্তু চট্টগ্রাম নগরের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এ নীতিমালা অনুসরণ না করে ভর্তি ফি, উন্নয়ন ফিসহ বিভিন্ন খাতে অতিরিক্ত টাকা নিচ্ছে। এ-সংক্রান্ত কয়েকটি অভিযোগ জেলা প্রশাসনের কাছে জমা পড়েছে। যাচাই-বাছাই করে তার সত্যতা পাওয়া গেছে।
ভর্তি নীতিমালা অনুসরণ না করলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিবন্ধন বাতিলসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মো. হাবিবুর রহমান।
এদিকে সভায় ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, অতিরিক্ত ভর্তি ফি আদায়ের জন্য চট্টগ্রাম জেলা শিক্ষা কার্যালয় ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দায় আছে। তারা দায়িত্ব পালন করেনি। প্রতিষ্ঠান দুটি সঠিকভাবে দায়িত্ব পালন করলে এ অবস্থার সৃষ্টি হতো না।
তখন পাশে বসা জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম বলেন, ‘আমি কোনো লিখিত অভিযোগ পাইনি। আমরা ক্যাব মানি না। ক্যাব কে? আমি তাদের অভিযোগ শুনব না। আপনারা (শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি) কে কী পরিমাণ বাড়তি ফি নিয়েছেন, তা জানিয়ে আমার কাছে প্রতিবেদন দাখিল করবেন। তা নিয়ে আমি অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করব।’
গতকালের সভায় সিদ্ধান্ত হয়, বিদ্যালয়গুলো ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে কেবল জানুয়ারি মাসের বেতন নিতে পারবে। কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়পত্রের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে পুরো বছরের ফি আদায় করেছে বলে অভিযোগ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক আবুল মনসুর ভূঁইয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।