শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত বেতন-ভাতা আদায়ে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীদের (কেজি থেকে দশম শ্রেণি পর্যন্ত) কাছ থেকে সরকারের সিদ্ধান্তের বাইরে বর্ধিত হারে বেতন-ভাতা আদায় না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পাঁচ অভিভাবকের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন ও টিউশন ফি বৃদ্ধি বিষয়ে গত ৯ আগস্ট একটি পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, অভিভাবকদের সঙ্গে আলোচনা করে তাদের সক্ষমতা বিবেচনায় নিয়ে বর্ধিত বেতন-ভাতা নির্ধারণ করতে হবে। তবে কোনো অবস্থাতেই ছাত্রছাত্রীদের বেতন সর্বোচ্চ ৩০ শতাংশের বেশি বাড়ানো যাবে না।

এ সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত বেতন-ভাতা আদায় করা হচ্ছে, দাবি করে গত সোমবার পাঁচ অভিভাবক রিট আবেদনটি করেন। আদালতে তাঁদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আইনজীবী সুব্রত চৌধুরী পরে প্রথম আলোকে বলেন, বিএএফ শাহীন কলেজের কেজি থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত ফি আদায়ের ওপর ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। কলেজটির অধ্যক্ষ ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের প্রতি এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানে ইংরেজি মাধ্যমে ৭৩৭ ও বাংলা মাধ্যমে ২৭৩৬ শিক্ষার্থী আছে। সরকারের ৯ আগস্টের ওই সিদ্ধান্তের বাইরে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে শতকরা ৬০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বর্ধিত ফি (টিউশন ফি, বার্ষিক ফি ও জরিমানা) আদায় করা হচ্ছে বলে রিটটি করা হয়।

রুলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের বাংলা ও ইংরেজি মাধ্যমের কেজি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত হারে বেতন-ভাতা আদায় করা কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়েছে। শিক্ষার্থীদের বেতন সর্বোচ্চ ৩০ শতাংশের বেশি বাড়ানো যাবে না, সরকারের সিদ্ধান্ত কেন কার্যকর করা হবে না এবং বর্ধিত হারে নেওয়া অর্থ ফেরত দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। শিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও কলেজটির অধ্যক্ষসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।