শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত বেতন-ভাতা আদায়ে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীদের (কেজি থেকে দশম শ্রেণি পর্যন্ত) কাছ থেকে সরকারের সিদ্ধান্তের বাইরে বর্ধিত হারে বেতন-ভাতা আদায় না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

পাঁচ অভিভাবকের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন ও টিউশন ফি বৃদ্ধি বিষয়ে গত ৯ আগস্ট একটি পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, অভিভাবকদের সঙ্গে আলোচনা করে তাদের সক্ষমতা বিবেচনায় নিয়ে বর্ধিত বেতন-ভাতা নির্ধারণ করতে হবে। তবে কোনো অবস্থাতেই ছাত্রছাত্রীদের বেতন সর্বোচ্চ ৩০ শতাংশের বেশি বাড়ানো যাবে না।