শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতনসহ অন্যান্য ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিভাবক সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বছরে ৪০০ থেকে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের ঘোষণা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক। একজন শিক্ষার্থীর কাছ থেকে বছরে তিনটি পরীক্ষা ও স্কাউট ফি বাবদ মোট ৪০ টাকা নেওয়ার নিয়ম রয়েছে। এর চেয়ে বেশি টাকা আদায় করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, মিজানুর রহমান নামের এক অভিভাবক গত ৭ জানুয়ারি তাঁর ছেলেকে ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি করান। এ সময় ৪১০ টাকা নিয়ে মিজানুর রহমানের হাতে ফি আদায়ের একটি রসিদ ধরিয়ে দেওয়া হয়। ওই রসিদে সংস্থাপন ফি ৩০, মৌসুমি ফি ৬০, বিদ্যুত্ ১০০, উন্নয়ন ১০০, খেলাধুলা ৫০, আচরণ বই ১০, দরিদ্র তহবিল ১০, কাব (স্কাউট) ৪০ ও ফি কার্ড ১০ টাকা লেখা আছে। এ ছাড়া ওই রসিদে ছাড়পত্র, পরীক্ষার ফি, জরিমানা, পাঠাগার, আবেদনপত্র, ধর্ম/বিবিধ নামের আরও কয়েকটি খাতের নাম উল্লেখ রয়েছে। মিজানুর রহমান বলেন, ‘সরকারি প্রাথমিক স্কুলেও মাসিক বেতন দিয়ে ছেলেকে পড়াতে হচ্ছে। ভর্তির সময় রসিদের মাধ্যমে একবারে পুরো বছরের টাকা নিয়ে নেওয়া হয়।’অভিভাবক ময়না বেগম বলেন, ‘৪০ টাকার স্থলে ৪১০ টাকা দিতে আমাদের যথেষ্ট কষ্ট হয়। স্বেচ্ছায় কোনো অভিভাবক এ টাকা দিতে চান না। কথা বললে বাচ্চারা শিক্ষকদের নজরে পড়ে যায়। তখন শিক্ষকেরা অভিভাবকদের রাগ বাচ্চাদের ওপর মেটান। এতে তাদের পরীক্ষার ফলাফল খারাপ হয়। এই ভয়ে অভিভাবকেরা মুখ খোলেন না।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু খালেদ আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমরাও অবৈতনিকের পক্ষে। তবে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নয়, অনুদান নেওয়া হয়। এ বিদ্যালয়ে এক হাজার ১২১ জন শিক্ষার্থী আছে। সরকারি শিক্ষক আছেন মাত্র ১৫ জন। ওই কজন শিক্ষক দিয়ে পাঠদান সুষ্ঠুভাবে চালানো যায় না। এ জন্য বেসরকারিভাবে আরও আটজন শিক্ষক এবং আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য চারজন আয়া নিয়োগ দেওয়া হয়েছে। তাদের বেতন দেওয়ার জন্যই অনুদানের টাকা আদায় করা হচ্ছে।’জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ে টাকা আদায়ের বিষয়টি চলে আসছে। টাকা আদায় বন্ধ করার অনেক চেষ্টা করা হয়েছে। বন্ধ করতে গেলে অভিভাবকেরাই আপত্তি জানান।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক প্রথম আলোকে বলেন, বেতন আদায় করা হলে তদন্ত করে সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।