শিক্ষার্থীদের কাছ থেকে শিবিরের চাঁদা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদস্য সম্মেলনের জন্য চট্টগ্রাম সরকারি কলেজে আবাসিক ছাত্রদের কাছ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করার অভিযোগ উঠেছে শিবিরের বিরুদ্ধে। ছাত্রাবাসের মাসিক খাবারের টাকার সঙ্গে বাড়তি এই টাকা ধার্য করা হয়েছে। চাঁদা দিতে গড়িমসি করলে হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, চট্টগ্রাম কলেজের আবাসিক ছাত্রাবাসের ছাত্রদের চাঁদা দিতে বাধ্য করছে শিবির। সোহ্রাওয়ার্দী ও শেরেবাংলা ছাত্রাবাসের ছাত্রদের কাছ থেকে কয়েক দিন ধরে এই টাকা আদায় করা হচ্ছে। ছাত্রাবাসের খাবারের ফির সঙ্গে বাড়তি ১০০ টাকা করে দিতে হচ্ছে প্রত্যেক ছাত্রকে। এই টাকা আদায় করছেন নিজ নিজ ছাত্রাবাসের দায়িত্বে নিয়োজিত সরকারি অফিস সহকারী। শিবিরের নেতাদের নির্দেশে তাঁরা এ কাজ করতে বাধ্য হচ্ছেন। জানতে চাইলে সোহ্রাওয়ার্দী ছাত্রাবাসের টাকা নেওয়ার দায়িত্বে নিয়োজিত মো. ফসিরুল হক বলেন, ‘ছাত্রাবাসের মেস ডিউজের (খাবারের বিল) সঙ্গে বাড়তি ১০০ টাকা করে নেওয়া হচ্ছে ছাত্রশিবিরের সংগঠনের জন্য। তাদের কী অনুষ্ঠান আছে। প্রতিবছর একবার এটা নেওয়া হয়।’চাঁদা নিলেও এর জন্য কোনো রসিদ দেওয়া হচ্ছে না। চাঁদা দিতে অস্বীকার করায় কয়েকজন শিক্ষার্থীকে শিবিরের নেতারা নিজেদের কক্ষে ডেকে নিয়ে হুমকি-ধমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। শিবিরের ভয়ে সাধারণ শিক্ষার্থীরা মুখও খুলছেন না। জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘চাঁদা নিচ্ছে, এটা ঠিক। কিন্তু এসব আপনাদের লেখার কোনো দরকার নেই। এতে সাধারণ ছাত্ররা বিপদে পড়বে।’জানা গেছে, সোহ্রাওয়ার্দী ছাত্রাবাসে ২০০ জন এবং শেরেবাংলা ছাত্রাবাসে ১৭০ জন শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া আবদুস সবুর ছাত্রাবাসেও শিক্ষার্থীরা থাকেন। তবে সম্প্রতি শিবিরের বিরুদ্ধে পুলিশি অভিযানের কারণে এখন ছাত্র নেই। গত সপ্তাহে সোহ্রাওয়ার্দী ও শেরেবাংলা ছাত্রাবাসে অভিযান চালিয়ে শিবিরের আট কর্মীকে পুলিশ আটক করে। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রশিবির চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি আবদুল আজিজ মোহাম্মদ শোয়েব প্রথম আলোকে বলেন, ‘চাঁদা বাধ্যতামূলক নয়। যার খুশি সে দিচ্ছে। আমি অন্তত কাউকে বলিনি, চাঁদা দিতে হবে। আর আমাদের সবাই এখন পুলিশের হাতে আটক। চাঁদা নেওয়ার সময় কোথায়?’সোহ্রাওয়ার্দী হলের সহকারী তত্ত্বাবধায়ক নাজমুল হক চৌধুরী বলেন, ‘এ ধরনের টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই। আমাদের লোকের এভাবে টাকা নেওয়ার কথা নয়।’