শিক্ষার্থীদের কাজে মেয়রের একাত্মতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চায়ের দোকানের সামনে বসে এক তরুণ কলা খাচ্ছেন। পাশে বসে আছে এক শিশু। কলা খাওয়ার পর কলার খোসা রাস্তায় ফেলে দেন। শিশুটিও তাঁকে অনুসরণ করে কলা খেয়ে খোসা রাস্তায় ফেলে দেয়। এ সময় স্কুলগামী দুই শিক্ষার্থী এ রাস্তা দিয়ে যাচ্ছিল। কলার খোসা দেখে একজন তা হাতে তুলে স্কুলব্যাগের ভেতর রাখে। তার দেখাদেখি অন্যজনও একই কাজ করে। স্কুলে পৌঁছে তারা ময়লার ঝুড়িতে কলার খোসা ফেলে দেয়।

পরদিন একই রাস্তায় বসে ওই তরুণ কলা খাওয়ার পর খোসা মাটিতে ফেলতে যাচ্ছেন, এমন সময় ওই দুই শিক্ষার্থী রাস্তা দিয়ে যাচ্ছে দেখে তরুণের আগের দিনের কথা মনে পড়ে যায়। তিনি খোসা জামার পকেটে নিয়ে রাখেন। তাঁর দেখাদেখি শিশুটিও তার প্যান্টের পকেটে কলার খোসা রেখে দেয়। পরে পাশের ময়লার ঝুড়িতে ফেলে দেয়।

সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (বিজিপিএসসি) নবম শ্রেণির শিক্ষার্থীদের সংগঠন সৌন্দর্য রক্ষায় ভলান্টিয়ার্সের (সৌরভ) কার্যক্রমের ওপর তৈরি করা এমন এক ভিডিও চিত্র গতকাল শনিবার সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর সামনে উপস্থাপন করে সৌরভের সদস্যরা। ‘চেঞ্জ ইওর হ্যাভিট, চেঞ্জ ইওর সিটি’ শিরোনামে ভিডিও চিত্রসহ সৌরভের কার্যক্রমের বিভিন্ন বিষয় মেয়রের সামনে তুলে ধরা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বিজিপিএসসির কলেজ ভবনের দ্বিতীয় তলায় এ কার্যক্রম দেখেন মেয়র। এর আগে তাঁকে প্রতিষ্ঠানটিতে স্বাগত জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট সেক্টর কমান্ডার ও বিজিপিএসসির গভর্নিং বডির চেয়ারম্যান কর্নেল মো. আবদুল্লাহ-আল মামুন ও অধ্যক্ষ মো. ফয়জুল হক।

মেয়রের সামনে সৌরভের নেপথ্যকথা তুলে ধরেন স্কুলের শিক্ষা মনোবিজ্ঞানী ও সৌরভের উপদেষ্টা ফজিলাতুন্নেছা। তিনি জানান, পরিচ্ছন্নতা ও সুগন্ধির আদর্শ শহর হিসেবে সিলেটকে সারা দেশে পরিচিত করতে সৌরভের যাত্রা শুরু। এ লক্ষ্যে ১০ বছরের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিবছর নবম শ্রেণির শিক্ষার্থীরা সৌরভের কাজ করবে। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানসংলগ্ন আখালিয়া এলাকাকে পরিচ্ছন্নতা ও সুগন্ধির মডেল টাউন করা হবে। পরে পুরো শহরে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।

নবম শ্রেণির মেয়েরা ‘রজনীগন্ধা’ ও ছেলেরা ‘গন্ধরাজ’ নামে দুটি দলে ভাগ হয়ে পরিচ্ছন্নতা বিষয়ে মানুষকে সচেতন করে। রজনীগন্ধা দল স্কুলের পাশের নবাবী মসজিদ থেকে নয়াবাজার ও বিজিবি সিলেট সেক্টরের ভেতরে সচেতনতামূলক কাজ করে। আর গন্ধরাজ দল সিলেট-সুনামগঞ্জ সড়কের মদিনা মার্কেট থেকে তপোবন আবাসিক এলাকা পর্যন্ত মানুষকে এ বিষয়ে সচেতন করে। রজনীগন্ধার দলনেতা ফাতেমা রহমান খান ও গন্ধরাজের শামীম আহমদ তাদের কার্যক্রমের বিশদ বর্ণনা মেয়রের সামনে তুলে ধরে। তারা বলে, তাদের এ কার্যক্রমে ওই এলাকায় পরিচ্ছন্নতার বিষয়ে অনেক উন্নতি হয়েছে। এ ছাড়াও তারা এলাকাকে সুগন্ধিময় করতে ১ হাজার ৫০০ সুগন্ধি গাছ লাগিয়েছে। আরও দুই হাজার গাছ লাগানোর বিষয় প্রক্রিয়াধীন। ফাতেমা রহমান খান বলেন, সৌরভের কাজ করতে গিয়ে তাদের পড়াশোনার কোনো ক্ষতি হয় না। বরং দেশ ও সমাজের প্রতি তারা দায়বদ্ধতার শিক্ষা নেয়। কাজটি তারা আনন্দের সঙ্গেই করে।

 আরিফুল হক চৌধুরী বলেন, স্কুলটিতে গিয়ে তিনি পরিচ্ছন্নতা ও সুগন্ধিময় শহর গড়ার কাজে উদ্বুদ্ধ হয়েছেন। তিনি সৌরভের সঙ্গে শিক্ষানবিশ হিসেবে কাজে নেমে পড়বেন। আর শহরের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যেন এমন কার্যক্রমে যুক্ত হতে পারে, সে বিষয়ে ভূমিকা রাখবেন।

এর আগে মেয়র কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব, ক্যারিয়ার ক্লাব, স্পোর্টস ক্লাব, ইংরেজি ভাষার ক্লাবসহ স্কুলটির বিভিন্ন পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রম ঘুরে দেখেন। পরে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘আপনাদের কার্যক্রম দেখে আমি অভিভূত। এ শহরে আমি যত স্কুল-কলেজে যাব, সবাইকে বলব, আপনাদের প্রতিষ্ঠানে এসে শিক্ষাপ্রতিষ্ঠানের মডেল কী হতে পারে, তা দেখতে ও নিজেদের প্রতিষ্ঠানে তা বাস্তবায়ন করতে।’ নবীনবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মো. ফয়জুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. আবদুল্লাহ-আল মামুন ও ৪১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার জাহিদ।