শিক্ষার্থীদের কোবে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) শিক্ষার্থীরা এখন থেকে জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব মেডিসিনে কর্মশালা ও গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। এ দুই প্রতিষ্ঠান শিক্ষার্থী আদান-প্রদানের পাশাপাশি ছাত্র-শিক্ষকদের মেডিকেল শিক্ষাসংক্রান্ত গবেষণা, উচ্চশিক্ষা, নার্সিংসহ নানা প্রযুক্তিগত বিষয় নিয়ে পারস্পরিক সহযোগিতা করবে।এর অংশ হিসেবে আগামী ৩ মে গ্র্যাজুয়েট স্কুল অব মেডিসিনের চারজন প্যাথলজি বিশেষজ্ঞ চট্টগ্রাম মেডিকেল কলেজে আসছেন। চমেক প্যাথলজি বিভাগে তাত্ত্বিক ও প্রযুক্তিগত নানা সুযোগ-সুবিধা প্রদানে তাঁরা কাজ করবেন বলে জানা গেছে। কোবে এ-সংক্রান্ত সব আর্থিক সহায়তা দেবে।সম্প্রতি জাপানের কোবে বিশ্ববিদ্যালয় সফর শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘আমাদের কলেজ ও কোবের অধীন গ্র্যাজুয়েট স্কুল অব মেডিসিনের সঙ্গে আমরা তিন বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছি। এতে শিক্ষার্থী আদান-প্রদানের পাশাপাশি শিক্ষকদের গবেষণা, কর্মশালা, নার্সিংসহ নানা মেডিকেল প্রযুক্তিগত সুবিধা আমরা পাব। এর জন্য ওই প্রতিষ্ঠানকে আমাদের কোনো টাকা দিতে হবে না। যাবতীয় খরচ তাদের।’জানা গেছে, গত ৮ জানুয়ারি চট্টগ্রামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কোবে বিশ্ববিদ্যালয় হাসপাতালের মহাপরিচালক কাজুরো সুগিমুরা ও চমেক অধ্যক্ষের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়।