শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কুমিল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ করা হচ্ছে—এমন অভিযোগ এনে গতকাল রোববার শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। এ সময়ে শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। এর আগে বৃহস্পতিবার দুপুরেও শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল সাড়ে নয়টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কাঁঠালতলায় জড়ো হন। এরপর সহস্রাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে শিক্ষার্থীরা রিকশার পুরোনো টায়ার জ্বালিয়ে ওই প্রক্রিয়ার তীব্র নিন্দা জানান।দুপুর দুইটার দিকে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমির হোসেন খানের সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন অর্থনীতি তৃতীয়বর্ষের ছাত্র আল আমিন বলেন, ‘উপাচার্য স্যার আমাদের আশ্বস্ত করায় আমরা কর্মসূচি স্থগিত করি।’ আজ সোমবার থেকে আমরা ক্লাসে ফিরে যাব।উপাচার্য আমির হোসেন খান বলেন, হুট করে শিক্ষার্থীদের না বুঝে আন্দোলন করা ঠিক হয়নি। নাম পরিবর্তনের ব্যাপারে কোনো ধরনের চিঠিও আসেনি। এটা ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করা ছাড়া আর কিছু নয়।