শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দিল চাকরিপ্রত্যাশীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরিপ্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতা-কর্মী ও বহিরাগতরা আজ শনিবার সান্ধ্যকালীন কোর্সের ক্লাস থেকে শিক্ষার্থীদের বের করে দিয়ে বিক্ষোভ করেছেন। তাঁরা ফটকে তালা দিয়ে কয়েকটি কক্ষের দরজা-জানালা ও ফুলের টব ভাঙচুর করেন। 

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা তৌফিকুর রহমান, আশিকুর রহমান, কাশেম মাহমুদ, মিজানুর রহমান, আরব আলী, রাসেল জোয়ারদার, ইলিয়াস জোয়ারদার ও মাহবুবুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের সাবেক নেতা-কর্মী ও বহিরাগতসহ ২০-২৫ জন প্রধান ফটকে তালা দেন। বেলা সোয়া তিনটার দিকে তাঁরা ব্যবসায় প্রশাসন অনুষদ ও কলা অনুষদ ভবনে ঢুকে সেখানে ক্লাসে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের সন্ধ্যাকালীন কোর্সের শিক্ষার্থীদের বের করে দেন। তাঁরা উভয় অনুষদ ভবনের দরজা, জানালা এবং ফুলের টবে ভাঙচুর চালান। এ সময় ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রধান ফটক বন্ধ থাকায় শিক্ষক শিক্ষার্থীদের বহনকারী কোনো বাস বেশ কয়েক ঘণ্টা কুষ্টিয়া এবং ঝিনাইদহ শহরের উদ্দেশে ছেড়ে যেতে না পারেনি। এতে চরম দুর্ভোগের শিকার হন শিক্ষার্থীরা। অনেকে অন্য যানবাহনে চড়ে গন্তব্যে রওনা দিতে বাধ্য হন।
এ অবস্থা চলার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক তালাবদ্ধ অবস্থায় চাকরিপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাকরিপ্রত্যাশীদের তালা খুলে দিতে বললে তাঁরা তা করতে অস্বীকৃতি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমানের নির্দেশে নিরাপত্তা প্রহরীরা প্রধান ফটকের তালা ভাঙেন। এরপর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসগুলো ক্যাম্পাস ছেড়ে চলে যায়।
নির্দিষ্ট সময়ে বাসে যেতে না পেরে কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, তাঁদের প্রায় সময়ই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
চাকরিপ্রত্যাশীদের কয়েকজন প্রথম আলোকে বলেন, রাজনীতির কারণে তাঁদের অনেক সময় নষ্ট হয়ে গেছে। দলের কারণে যেহেতু তাঁদের সব শেষ হয়েছে, তাই তাঁদের রুটি-রুজির ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও দীর্ঘদিন ধরে চাকরির আশ্বাস দিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে প্রক্টর মাহবুবর বলেন, এখন পরিস্থিতি শান্ত আছে। তবে ওই সাবেক ছাত্ররা চাকরির দাবিতে আগে আন্দোলন করলেও আজ তাঁরা বৈঠকে সে কথা বলেননি। তাঁরা সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবি জানিয়েছেন।