নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে। গতকাল মঙ্গলবার সকালে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বিদ্যালয়ের সহপাঠীরা ধর্ষকের শাস্তি এবং স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যানের পদ থেকে ব্রাহ্মনদী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান লাক মিয়ার অপসারণ দাবি করেছে।এদিকে ধর্ষণের শিকার কিশোরীর পরিবারকে ব্রাহ্মনদী ইউপি চেয়ারম্যান লাক মিয়ার লোকজন মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ করে তারা। এদিকে ঘটনার তিন দিন পার হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার উজান গোপিন্দি উচ্চবিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ধর্ষণের ঘটনার দায়ী ধর্ষকের শাস্তি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির পদ থেকে চেয়ারম্যানের অপসারণের দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে নিন্দা না জানানোয় স্কুলের প্রধান শিক্ষক আবদুল আউয়ালের বিরুদ্ধে স্লোগান দেয় তারা।শিক্ষার্থীদের মিছিলের খবর পেয়ে ব্রাহ্মনদী ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান লাক মিয়া ও তাঁর লোকজন এসে শিক্ষার্থীদের স্কুলে ফেরত নিয়ে যান। সেখানে চেয়ারম্যান লাক মিয়া শিক্ষার্থীদের এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের আশ্বাস দেন। উজান গোপিন্দি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান জানান, ধর্ষণের ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে সকালে স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল বের করলে চেয়ারম্যান লাক মিয়া শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিচারের আশ্বাস দেন।এদিকে ধর্ষণের শিকার কিশোরীর চাচা কলেজশিক্ষক জানিয়েছেন, ব্রাহ্মনদী ইউপি চেয়ারম্যান লাক মিয়া ও লোকজন মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। বাড়িতে লোকজন পাঠাচ্ছেন বিষয়টি সমঝোতা করে ফেলার জন্য। তাঁরা হুমকি দিয়ে বলেছেন, ‘এসব মামলা করলে কিছুই হবে না। যদি এলাকায় থাকতে চাস, তাহলে তাড়াতাড়ি মামলা তুলে ফেল। আসামিরা এলাকায় থেকে আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে।’এ ব্যাপারে ব্রাহ্মনদী ইউপি চেয়ারম্যান লাক মিয়া ও তাঁর লোকজন মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। আড়াইহাজার থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। শনিবার উপজেলার উজান গোপিন্দীতে স্কুলে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে বাহ্মনদী ইউপির চেয়ারম্যান লাক মিয়ার ভাতিজা নাঈম ও তার সহযোগীরা তাকে অপহরণের পর ধর্ষণ করে বাড়ির সামনে রাস্তায় ফেলে রেখে যায়।