ক্যানটিন চালু, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি আরোপ, হল চালুসহ ১৬ দফা দাবিতে গতকাল মঙ্গলবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন। স্মারকলিপিতে বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে কর্তৃপক্ষের কাছে এসব সমস্যা সমাধানের দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তাঁরা এই কর্মসূচি নিয়েছেন। দাবিগুলোর অন্যতম হলো বিশ্ববিদ্যালয় ভবনের প্রতিটি তলায় সুপেয় পানির ব্যবস্থা, শহরে বাস সার্ভিস চালু, দ্রুত ক্যানটিন চালু, খেলার মাঠ সংস্কার, সীমানাপ্রাচীর নির্মাণ, ২০১২ সালের জানুয়ারির মধ্যে হল চালু, সাইবার সেন্টার চালু, প্রতিটি বিভাগের সেমিনার লাইব্রেরি সমৃদ্ধ, ফুটবল ও ক্রিকেট দল গঠন, কেন্দ্রীয় গ্রন্থাগারের সময়সীমা বৃদ্ধি এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে বিধিনিষেধ আরোপ। ২০০৮ সালের ৬ ডিসেম্বর কারমাইকেল কলেজের ৭৫ একর জায়গার মধ্যে রংপুর বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। রংপুর শহরের ধাপে অবস্থিত শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ের অস্থায়ীভাবে ক্যাম্পাস চালু করা হয়। এরই মধ্যে চলে কিছু ভবন নির্মাণের কাজ। এ বছরের মাঝামাঝি অস্থায়ী ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সব ধরনের কার্যক্রম শুরু করা হয়। কিন্তু এসব অবকাঠামো প্রয়োজনের তুলনায় অনেক কম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়া জানান, মহাপরিকল্পনা অনুযায়ী এখনো অবকাঠামো নির্মাণ হয়নি। ধীরে ধীরে এসব সমস্যা ঠিক হয়ে যাবে।