শিক্ষার্থীদের ক্লাস বর্জন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা কলেজ ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট ও মৌন মিছিল করেন।এ ছাড়া হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকারা কালো ব্যাজ ধারণ করে গতকাল সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।গতকাল বিকেলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ময়মনসিংহ শাখার নেতাদের সঙ্গে হাসপাতালের সেবিকাদের বৈঠক হয়। বৈঠকে বিএমএ নেতাদের দেওয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতে লাগাতার কর্মবিরতি কর্মসূচি ১৯ জুন পর্যন্ত স্থগিত ঘোষণা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনরত সেবিকারা। আজ শুক্রবার থেকে এই কর্মবিরতি শুরু করার কথা ছিল।এদিকে পরিচালকের কক্ষ ভাঙচুর ও হামলার প্রতিবাদে গতকাল সকালে হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল করেন হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। পরে তাঁরা সমাবেশ করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন।ময়মনসিংহ নার্সিং কলেজের ছাত্রকল্যাণ সংসদের সহসাধারণ সম্পাদক মো. এনামুল হক বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. শাহজাহান জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মতিউর রহমানকে প্রধান করে মঙ্গলবার ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। স্টাফ নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমা খাতুন বলেন, তদন্ত কমিটি গঠনের কথা আমরা শুনছি। কোনো চিঠি পাইনি। এমনকি কারা এ কমিটিতে আছেন, তাও আমাদের জানানো হয়নি। তদন্ত কমিটির প্রধান মো. মতিউর রহমান বলেন, ‘মঙ্গলবার কমিটি গঠন হলেও গত বুধবার আমরা জেনেছি। গতকাল বৃহস্পতিবার কমিটির সবাই আলোচনায় বসেছিলাম।’ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে নার্সিং কলেজের অসুস্থ শিক্ষার্থী ও সেবিকাদের জন্য বরাদ্দ করা কক্ষ ফেরত দেওয়ার দাবিতে গত সোমবার দুপুরে হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করতে যান শিক্ষার্থীরা। এ সময় হাসপাতালের কর্মচারীরা ওই শিক্ষার্থীদের ওপর হামলা চালান।