শিক্ষার্থীদের ক্লাস বর্জন অব্যাহত, অধ্যক্ষ অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন দাবিতে পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষসহ শিক্ষকদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালাবেন বলে ঘোষণা দিয়েছেন।
প্রায় ছয় বছর আগে কলেজটি প্রতিষ্ঠা হলেও এখানে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। একটি একাডেমিক ভবন ছাড়া কলেজের নিজস্ব কোনো ভবন নেই। নেই নিজস্ব কোনো হাসপাতাল। পাবনা মানসিক হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে এই কলেজের কাজ চালানো হচ্ছে। নিজস্ব কোনো ছাত্রাবাস না থাকায় শিক্ষার্থীদের মানসিক হাসপাতালের পরিত্যক্ত ভবনে থাকতে দেওয়া হয়েছে। এ কারণে বেশ কিছুদিন ধরে শিক্ষার্থীরা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন দািবতে আন্দোলন শুরু করছেন। গত রোববার থেকে তাঁরা অন্যান্য দািবর সঙ্গে অধ্যক্ষের অপসারণ দািবতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিক্ষার্থীরা কলেজে এসে বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণ পর অধ্যক্ষ কলেজের ক্যাম্পাসে তাঁর কক্ষে প্রবেশ করেন৷ এ পর্যায়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে অধ্যক্ষসহ শিক্ষদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। প্রায় চার ঘণ্টা বিক্ষোভ চলাকালে বেলা একটার দিকে অন্য শিক্ষকদের সহযোগিতায় অধ্যক্ষ শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন৷ বৈঠকে দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ভবনের তালা খুলে দেন।
শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, ‘শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরাও একাত্ম আছি। আশা করছি, শিগগিরই এর সমাধান হবে।’