শিক্ষার্থীদের ক্লাস বর্জন চলছে তিন দিন ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক ও কর্মচারী-সংকট নিরসন এবং ছাত্রাবাস চালুর দাবিতে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে তিন দিন ধরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করছেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৫ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য এই ক্লাস বর্জন কর্মসূচি শুরু হয়েছে।আন্দোলনকারী শিক্ষার্থী ও মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার টেকনোলজি ও ইলেকট্রনিকস টেকনোলজি বিভাগে মোট শিক্ষার্থীর সংখ্যা ২৯৫ জন। সকালে ও বিকেল এই দুটি পর্বে ক্লাস নেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষক আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ মাত্র পাঁচজন। তা-ও তাঁদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রেষণে (ডেপুটেশন) মৌলভীবাজার পলিটেকনিকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটিতে যে লোকবল নিয়োগ দেওয়ার কথা, তা দেওয়া হয়নি। এই কজন শিক্ষকের পক্ষে নিয়মিত পাঠদান সম্ভব হচ্ছে না। কর্মচারী আছেন মাত্র আটজন। অন্যদিকে, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে ১০০ আসনবিশিষ্ট একটি ছাত্রাবাস প্রস্তুত হয়ে আছে। কিন্তু গ্যাস-সংযোগ না থাকা এবং ছাত্রাবাস পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল না থাকার কারণে ছাত্রাবাসটি এখনো চালু হয়নি। এতে শিক্ষার্থীরা আবাসন-সংকটে ভুগছেন। ইনস্টিটিউটটি শহরের বাইরে অবস্থিত। আশপাশে এখনো পর্যাপ্ত থাকার ব্যবস্থা গড়ে ওঠেনি। এই সংকটগুলো সমাধানের বিষয়টি বারবার কর্তৃপক্ষের কাছে জানানো সত্ত্বেও তা সমাধান হয়নি বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। ২০১০ সাল থেকে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র ভর্তি শুরু হয় এবং ওই বছরের অক্টোবর থেকে পাঠদান চালু হয়েছে।দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত পরিচালনা কমিটির আহ্বায়ক ওমর ফারুক গতকাল বৃহস্পতিবার বলেন, ‘আমাদের ক্লাস বর্জন কর্মসূচি চলছে। যত দিন পর্যন্ত দাবি না মানা হবে, তত দিন আমাদের ক্লাস বর্জন চলবে। আমি এখন ফোর্থ সেমিস্টারে। ফার্স্ট সেমিস্টার থেকে আশ্বাস শুনে আসছি, শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কিন্তু এখনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। আমাদের প্র্যাকটিকালও হচ্ছে না, থিওরিও হচ্ছে না।’মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম আলী সুজা বলেন, ‘প্রতিষ্ঠানের যে লোকবল দেওয়ার কথা, তা দেওয়া হয়নি। কবে যে লোক আসবে, কবে বাঁচব। এভাবে শিক্ষাপ্রতিষ্ঠান হয় না। খেলাঘর চালাচ্ছি। কিছু পার্টটাইম শিক্ষক দিয়ে ঠেকার কাম চালানো হচ্ছে। স্বল্পতম জনবল দিয়ে যা পারছি, করছি।’ অধ্যক্ষ জানান, যে শিক্ষার্থী আছে তাদের সঠিকভাবে পাঠদান করাতে হলে ন্যূনতম ২১ জন শিক্ষক দরকার। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিলেই হোস্টেল চালু করা যাবে।