শিক্ষার্থীদের ক্লাস বর্জন, জড়িতদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই দিন ধরে ক্লাস বর্জন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দাবি, অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। অভিযোগ আছে, স্থানীয় আবাসন ব্যবসায়ী মোজাফফর হোসেন শিক্ষকদের মারধরের ঘটনায় নেতৃত্ব দেন।
শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। অভিযুক্ত মোজাফফর বিদ্যালয়ের সাবেক ছাত্র ও ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য। মোজাফফরের বাড়ি বিদ্যালয়ের পাশেই। বিদ্যালয়ে তাঁর বোনের এক মেয়ে দশম ও আরেক মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। গত সোমবার তাঁর ভাগনি দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে এক সহপাঠীর তর্ক হয়। এ ঘটনায় ওই সহপাঠী মোজাফফরের ভাগনির বিরুদ্ধে প্রধান শিক্ষক ইলিয়াস খানের কাছে নালিশ করে। প্রধান শিক্ষক অভিযুক্ত ছাত্রীকে আসতে বলেন। কিন্তু সে আসতে বিলম্ব করছিল। এতে প্রধান শিক্ষক ক্ষুব্ধ হন। পরে মেয়েটি এলে তাকে কয়েকটি থাপ্পড় মারেন প্রধান শিক্ষক। এ কথা শুনে মোজাফফর দলবল নিয়ে ওই দিন বেলা তিনটার দিকে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে মারধর শুরু করেন। তখন সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও আবদুল হাই এগিয়ে গিয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে তাঁদেরও মারধর করা হয়। এ খবর শুনে বেশ কিছু শিক্ষার্থী আবার বিদ্যালয়ে ফিরে এসে মোজাফফরের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। তবে পুলিশ তাদের থামিয়ে দেয়।
ঘটনার পরদিন মঙ্গলবার শিক্ষার্থীরা ক্লাসে না গিয়ে বিক্ষোভ ও টায়ার জ্বালিয়ে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে। তাদের কর্মসূচিতে আশপাশের আরও কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়। গতকাল বুধবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা আবার বিক্ষোভ এবং একই সড়ক অবরোধ করে। আহত দুই সহকারী শিক্ষক নরসিংদী সদর হাসপাতালে ভর্তি আছেন।
শিক্ষার্থীরা বলে, অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় না আনা পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না।
এদিকে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা গতকাল বিদ্যালয়ে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।
আহত শিক্ষক শফিকুল ইসলাম বলেন, শনিবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এতে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার প্রধান অতিথি থাকার কথা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতির জন্য বেশ কিছুদিন ধরে দুপুরের মধ্যে বিদ্যালয় ছুটি হয়ে যায়। ঘটনার সময় শিক্ষার্থীরা ছিল না। মারতে দেখে প্রধান শিক্ষককে রক্ষা করতে গিয়ে তিনিও হামলার শিকার হন।
প্রধান শিক্ষক ইলিয়াস খান এ বিষয়ে প্রথমে কথা বলতে রাজি হননি। পরে বলেন, এক ছাত্রীকে শাসন করায় ছাত্রীর মামা লোকজন নিয়ে শিক্ষকসমাজকে কলঙ্কিত করে গেলেন।
মোজাফফর হোসেন বলেন, ‘মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রধান শিক্ষক প্রথমে আমার বড় ভাগনিকে চর-থাপ্পড় মেরে মেঝেতে ফেলে দেন। এতেও তাঁর রাগ কমেনি। এ দৃশ্য দেখে আমার আরেক ভাগনি না মারার জন্য প্রধান শিক্ষককে অনুরোধ করে। তাকেও মারধর করা হয়। বিষয়টি জানার জন্য ওই দিন বিকেলে আমি বিদ্যালয়ে যাই। আমাকে দেখেই প্রধান শিক্ষক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। ফলে কোনো শিক্ষকের সঙ্গে অসদাচরণের ঘটনা ঘটেনি।’ তবে চতুর্থ শ্রেণির এক কর্মচারীর সঙ্গে সামান্য হাতাহাতি হয় বলে দাবি করেন তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীমা আরা বলেন, পুরো ঘটনাটি প্রশাসনের নজরে এসেছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।