শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশপ্রেমিক দাবিদার আসলাম হোসেনকে থানা থেকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে গতকাল রোববার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুর-গণিপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। একই ঘটনায় তারা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিলও করেছে।
গত শনিবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে দেশপ্রেমিক দাবিদার আসলাম হোসেন টাই না পরে আসার অজুহাতে এক শিক্ষককে মারধর করেন। এ ঘটনায় তিনি আরও এক শিক্ষক ও দুই ছাত্রকে পিটিয়ে জখম করেন। ওই ব্যক্তিকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
এ নিয়ে গতকাল রোববার প্রথম আলোয় ‘দেশপ্রেমিকের কাণ্ড’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার রায় জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অভিযোগ প্রত্যাহার করে নেওয়ায় আসলাম হোসেনকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম জানান, এলাকার লোকজন ও সরকারি দলের নেতাদের অনুরোধে আসলাম হোসেনের বিরুদ্ধে থানায় দেওয়া অভিযোগটি তাঁরা প্রত্যাহার করে নিয়েছেন।
এ ঘটনায় বিদ্যালয়ের কিছু শিক্ষকের প্ররোচনায় ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন ও বিক্ষোভ করে।