আট দফা দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন, ক্লাস বর্জন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। সকাল ১০টার দিকে কয়েক শ ছাত্রছাত্রী ক্লাস বর্জন করে শহরের রাজাপুরে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাসে বিক্ষোভ করেন।দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এ সময় রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রীনিবাস নির্মাণ, সংক্ষিপ্ত সেমিস্টার পদ্ধতি চালু, জিপিএ নির্ণয় পদ্ধতি সংশোধন, দ্রুত ক্যাম্পাস নির্মাণ করাসহ আট দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ছাড়াও অন্যান্য কর্মসূচি চলবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের দাবিগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে।’