রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী কলেজ রাজশাহী বোর্ডের সেরা হয়েছে। কলেজের পাসের হার প্রায় ৯৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪৩৫ জন। ১৪ বছর উচ্চমাধ্যমিক শ্রেণী বন্ধ থাকার পরে ২০১০-১১ শিক্ষাবর্ষে রাজশাহী কলেজে আবার উচ্চমাধ্যমিক শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হয়। গত বছর প্রথম ব্যাচ বের হয়েছে। পাসের হার ছিল ৯৮ দশমিক ৯২ ভাগ। এবার দ্বিতীয় ব্যাচের ফলাফলেই কলেজটি শিক্ষা বোর্ডের সেরা হয়েছে। এবার ৬০০ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৫৯৩ জন পাস করেছেন। শিক্ষার্থীদের ক্লাসমুখী করায় এই সাফল্য এসেছে বলে মনে করছে কলেজ কর্তৃপক্ষ।কলেজের উপাধ্যক্ষ হবিবুর রহমান বলেন, রাজশাহী কলেজ আবারও প্রমাণ করেছে ভালো ফলাফলের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের বছরের শুরুতেই একাডেমিক ক্যালেন্ডার হাতে ধরিয়ে দেওয়া হয়। ক্যালেন্ডার অনুযায়ী তাদের ক্লাস, টিউটরিয়াল ও পরীক্ষা নেওয়া হয়েছে। ক্যালেন্ডারের একটি ক্লাসও বাদ দেওয়া হয়নি। এ ছাড়া নির্বাচনী পরীক্ষার পরে চার মাস অভিভাবকদের সঙ্গে আলাপ করে শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস নেওয়া হয়েছে। যাতে তাদের কোচিং বা প্রাইভেট শিক্ষকের কাছে যেতে না হয়। তিনি বলেন, শিক্ষার্থীদের ক্লাসমুখী করার এই আন্দোলন জনপ্রিয় হয়ে উঠেছে। শিক্ষার্থীদের ভেতরেও ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা কমে এসেছে।মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া হাবিবা সুলতানা বলেন, ক্লাস মিস দেওয়া কী তা রাজশাহী কলেজে ভর্তি হওয়ার পর তাঁরা ভুলে গেছেন। ক্লাস মিস করলে শাস্তির ব্যবস্থাও রয়েছে। ক্লাস পরীক্ষাগুলো শিক্ষকেরা যত্নসহ নিয়েছেন, নির্বাচনী পরীক্ষার পরে অতিরিক্ত ক্লাস নিয়েছেন, ফলে বাইরে কোচিং করতে বা প্রাইভেট পড়তে হয়নি। পক্ষান্তরের তাঁদের বন্ধুরা যাঁরা নগরের অন্যান্য কলেজে ছিলেন, তাঁদের দ্বিতীয় বর্ষের ক্লাসগুলোই ঠিকমতো হয়নি।অভিভাবক নূরজাহান বেগম বলেন, রাজশাহী কলেজে মেয়েকে দিয়ে তাঁরা একেবারে নিশ্চিন্তে ছিলেন। অভিভাবকের চেয়ে কলেজের যত্নই বেশি ছিল। ফলে বাইরে কোনো প্রাইভেট বা কোচিং করাতে হয়নি। বাড়তি টাকাও লাগেনি।রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তানবিরুল আলম বলেন, রাজশাহী কলেজ আবার তাদের ঐতিহ্য ফিরে পেয়েছে। শিক্ষার্থীদের ক্লাসমুখী করার বিশেষ উদ্যোগ নেওয়ায় শিক্ষার্থীরা কোচিং-প্রাইভেটনির্ভরতা কাটিয়ে উঠছে। এটা খুবই আশার কথা।