শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়ার ভূঁইয়ারা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার তিন দিন পার হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আতঙ্কিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফেরাতে গতকাল মঙ্গলবার বিকেলে এলাকায় মাইকিং করা হয়।
গতকাল সকালে জেলা শিক্ষা কর্মকর্তা মো. সফি উদ্দিন, ইউএনও মো. আশ্রাফুজ্জামান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহ্সান উল্লাহ চৌধুরী বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এর আগের দিন সোমবার বিকেলে জেলা প্রশাসক আবদুছ সবুর মণ্ডল ও পুলিশ সুপার শামছুন্নাহার বিদ্যালয়ে গিয়ে এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। তাঁরা শিক্ষার্থীদের নির্ভয়ে বিদ্যালয়ে আসার জন্য আহ্বান জানান।
জেলা শিক্ষা কর্মকর্তা সফি উদ্দিন বলেন, বিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য এলাকায় মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার বলেন, তাঁর বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৭১০ জন। গতকাল প্রায় অর্ধেক শিক্ষার্থী উপস্থিত হয়।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান করার কথা বলে চাঁদা চেয়ে না পেয়ে যুবলীগের কয়েকজন কর্মীসহ একদল যুবক বিদ্যালয়ে হামলা চালান। তাঁরা প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার ও কম্পিউটার শিক্ষক ফজলুর রহমানকে লাঞ্ছিত করেন। গত রোববার এর প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ করার সময় আবার হামলায় ৪০ জন শিক্ষার্থী আহত হয়।