শিক্ষার্থীদের ক্ষোভের মুখে হলছাড়া দুই ছাত্রলীগ নেত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের ক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে হল থেকে নিরাপদে বাইরে বের করে দিয়েছে হল প্রশাসন। সভাপতি আজমীরা বিনতে জামানের বিরুদ্ধে সংগঠনের আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী গত বৃহস্পতিবার রাত দেড়টায় ছাত্রলীগ হল শাখার সভাপতি আজমীরা বিনতে জামান ও সাধারণ সম্পাদক লিসা চাম্বু গংকে নিজের গাড়িতে করে বাইরে নিয়ে যান।
ঘটনার সূত্রপাত স্বাধীনতা দিবসে ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীত’ গাওয়ার সময় জাতীয় প্যারেড স্কোয়ারে হলের ছাত্রীদের ‘হয়রানি’র শিকার হওয়া নিয়ে। বুধবার রাতে হলের প্রায় সাড়ে তিন শ শিক্ষার্থী এ নিয়ে বিক্ষোভ করেন এবং একপর্যায়ে হল গেটে টাঙানো ছাত্রলীগ সভাপতির একটি ব্যানার ছিঁড়ে তাতে আগুন দেন। কিছু সময় পরে তারা প্যারেড স্কোয়ারে ‘হয়রানির’ বিষয়ে উপাচার্যের কাছে অভিযোগ করেন। ছাত্রলীগের ব্যানার ছেঁড়া নিয়ে সভাপতি আজমীরা পরদিন রাতে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীর বিরুদ্ধে ‘ছাত্রী সংস্থা’ করার অভিযোগ তুলে তাঁকে নিজ কক্ষে ডেকে নিয়ে যান। ছাত্রীটি ও তাঁর কয়েকজন সহপাঠীর অভিযোগ, আজমীরা ছাত্রলীগের অন্য নেত্রীদের নিয়ে তাঁকে নির্যাতন করেন। খবর ছড়িয়ে পড়লে সহপাঠী ও বুধবার রাতের আন্দোলনকারীরা গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
এ সময় ছাত্রলীগের হল সভাপতি ও সাধারণ সম্পাদককে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পরে সভাপতি-সাধারণ সম্পাদককে হল থেকে বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে প্রক্টর, হল প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষকেরা তাঁদের ‘আপাতত’ হলের বাইরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, ওই সময় তাঁদের তাৎক্ষণিকভাবে বের করে নিয়ে আসতে বাধ্য হয়েছি। নইলে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত।
বৃহস্পতিবারের ঘটনায় হল প্রাধ্যক্ষ ফরিদা বেগমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
ছাত্রলীগের হল শাখার সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে বৃহস্পতিবার রাতের ঘটনার সময় ও গতকাল শুক্রবার একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ বলেন, ‘আমরা ঘটনাটি সম্পূর্ণ জানার চেষ্টা করছি। এর পেছনে ছাত্রী সংস্থা ইন্ধন দিয়েছে।’