শিক্ষার্থীদের খাতায় নায়ক-নায়িকার ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে হরদম বিক্রি হচ্ছে ভারতীয় বিভিন্ন চ্যানেলে প্রচারিত সিরিয়ালের নাম ও নায়ক-নায়িকার রঙিন ছবিসংবলিত খাতা। এতে শিশুদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষকেরা।
গোয়ালন্দ বাজারের বিভিন্ন বইয়ের দোকান ঘুরে দেখা গেছে, ভারতীয় চ্যানেল স্টার জলসাসহ বিভিন্ন চ্যানেলে প্রচারিত জলনূপুর, কিরণমালা, বোঝে না সে বোঝে না, চোখের বালির মতো বিভিন্ন সিরিয়ালের নায়ক-নায়িকাদের ছবিসংবলিত খাতা তৈরি করে বিক্রি করা হচ্ছে। বইয়ের দোকানে গিয়ে যে কেউ খাতা চাইলেই অধিকাংশ দোকানি এ ধরনের খাতা বের করে দেন।
অভিভাবক ইয়াকুব আলী বলেন, তাঁর ছেলে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ছেলের জন্য খাতা কিনতে গিয়ে ভারতীয় সিরিয়ালের নায়ক-নায়িকার ছবিসংবলিত খাতা নিয়ে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তিনি আরও বলেন, ‘এই যদি হয় শিশুদের খাতার অবস্থা, তাহলে তারা কী শিখবে?’ শহরের দেওয়ান পাড়া রহমত উল্লাহ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আবদুর রউফ জানান, তাঁর বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এ ধরনের খাতা ব্যবহার করে। তবে এ ব্যাপারে কেউ কখনো কোনো অভিযোগ দেয়নি।
লোটাস কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মামুনুর রশিদের মতে, শিশুর মানসিক বিকাশের জন্য খাতার মলাটে দেশের ফুল, ফল, ঐতিহ্যবাহী স্থাপনা বা স্বাধীনতার স্মৃতিবিজড়িত স্থান তুলে ধরা উচিত। তাঁর বিদ্যালয়ে এ ধরনের খাতা নিষিদ্ধ বলে জানান তিনি।
বই বিতান লাইব্রেরির ব্যবস্থাপক আবদুস সামাদ বলেন, প্রায় তিন মাস ধরে গোয়ালন্দ উপজেলায় হরদম এসব খাতা বিক্রি হচ্ছে। তাঁর দোকান থেকে প্রতিদিন গড়ে প্রায় ২০-৩০টি খাতা বিক্রি হচ্ছে। শিশুদের আবদারের কারণেই তাঁরা এসব খাতা বিক্রি করছেন বলে দাবি করেন তিনি।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সানোয়ার আহম্মেদ বলেন, এ ব্যাপারে বিভিন্ন সভায় শিক্ষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। সেই সঙ্গে নিজস্ব সংস্কৃতির প্রতি যাতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ে, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।