ময়মনসিংহের গৌরীপুর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বিভিন্ন প্রকাশনীর গাইড ও নোট বই পাঠ্যবইয়ের সহায়ক হিসেবে গছিয়ে দেওয়া হচ্ছে।
বেশির ভাগ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা সেসব গাইড ও নোট বই কেনার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা। কোনো কোনো ক্ষেত্রে প্রকাশনা প্রতিষ্ঠানের কাছ থেকে শিক্ষকেরা আর্থিক সুবিধা নিয়ে সংশ্লিষ্ট প্রকাশনীর গাইড ও নোট বই পড়তে শিক্ষার্থীদের ওপর চাপ দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গৌরীপুর উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, উপজেলায় মোট ১৭৮টি প্রাথমিক বিদ্যালয়, ৪২টি নিবন্ধিত কিন্ডারগার্টেন, ৩৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৮টি মাদ্রাসা রয়েছে। বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় সব শিক্ষার্থী এখনো বাজারের ওই সব সহায়ক বইয়ের ওপর নির্ভরশীল। যদিও সরকার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় সৃজনশীল পদ্ধতি চালু করার পর একমাত্র বোর্ডের বইয়ের ওপর জোর দিচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের চেয়ে সহায়ক বই পড়েই অনেকটা মুখস্থ বিদ্যার মতো করে শিখছে সৃজনশীল পাঠ।
শিক্ষার্থী, অভিভাবক ও নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষক জানান, ওই সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাজারের সহায়ক বই পড়ার জন্য শিক্ষকেরাই উৎসাহ দিচ্ছেন। অনেক ক্ষেত্রে প্রকাশনা প্রতিষ্ঠানের বিক্রয় কর্মকর্তাদের সঙ্গে কিছু অসাধু শিক্ষক প্রকাশনীর বই নিজের বিদ্যালয়ের শিক্ষার্থীদের গছিয়ে দেওয়ার শর্তে আর্থিক সুবিধাও নিয়ে থাকেন বলে অভিযোগ আছে। রামগোপালপুর ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, তাঁর বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি অখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠানের সহায়ক বই শিক্ষার্থীদের গছিয়ে দেওয়ার শর্তে প্রায় ২০ হাজার টাকা নিয়েছেন।
গৌরীপুরের বিভিন্ন বইয়ের বাজার ঘুরে দেখা যায়, ঢাকার কমপক্ষে ১০টি প্রকাশনাপ্রতিষ্ঠান বাজারে ছেড়েছে এসব গাইড ও নোট বই। একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধির চাকরি ছেড়ে দেওয়া একজন জানান, এসব বই গছানোর ক্ষেত্রে বেশির ভাগ ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে আর্থিক লেনদেন হয়ে থাকে।
জানতে চাইলে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, ‘এ ধরনের অভিযোগ আমাদের কাছে নেই। কোনো শিক্ষকের এ ধরনের কাজে জড়ানো উচিত না।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জহির উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রকাশনা সংস্থার কিছু অসাধু লোক শিক্ষকদের প্রলুব্ধ করার চেষ্টা হয়তো করে। কিন্তু শিক্ষকেরা আর্থিক সুবিধা নেন, এমন কোনো অভিযোগ পাইনি। এখন থেকে বিদ্যালয় পরিদর্শনে গেলে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেব।’
পপি লাইব্রেরি নামের একটি প্রকাশনা প্রতিষ্ঠানের ময়মনসিংহ অঞ্চলের বিক্রয় কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, ‘আমরা সহায়ক বই বাজারজাতকরণের জন্য শিক্ষকদের সহযোগিতা চাই। কিন্তু কোনো আর্থিক লেনদেন হয় না।’