প্রকল্প পরিচালকের অপসারণসহ পাঁচ দফা দাবিতে এবার লাগাতার গণ-অনশন শুরু করেছেন বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত তাঁরা ক্যাম্পাসের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন। কলেজের সব বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অনশনে যোগ দেন। আজ সোমবার সকাল ১০টায় দ্বিতীয় দিনের মতো গণ-অনশন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল অনশনের একপর্যায়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নাছের মো. শামীম শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলেও তাঁরা অনড় থাকেন।
এদিকে ৬ মে পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার পরদিন ক্যাম্পাস ত্যাগ করেন প্রকল্প পরিচালক (পিডি) সরদার মো. শোয়েব। গতকাল অনশন চলাকালে প্রকল্প পরিচালক ও কলেজ প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
জানতে চাইলে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের আন্দোলনের কথা নিশ্চিত করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নাছের মো. শামীম। প্রথম আলোকে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি তিনি বস্ত্র অধিপ্তরের পরিচালককে অবহিত করেছেন।