শিক্ষার্থীদের জঙ্গিবাদে ঠেলে দিচ্ছে স্বাধীনতাবিরোধীরা
স্বাধীনতাবিরোধী একটি কুচক্রী মহল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) চতুর্থ সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের আচার্যের পক্ষে সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এই সমাবর্তনে ইউনিভার্সিটির স্নাতকে ১ হাজার ৩১ ও স্নাতকোত্তরে ২৯৪ জন শিক্ষার্থী সনদ পেয়েছেন। এ ছাড়া স্বর্ণপদক পেয়েছেন মাস্টার্স অব আর্টস ইন ইংলিশ বিভাগের ছাত্রী হোসনেয়ারা ইয়াসমিন ও ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (বিবিএ) আজহারুল ইসলাম।
নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে স্বাধীনতাবিরোধী একটি মহল। তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। ইতিমধ্যে কিছু শিক্ষার্থী জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের ধ্বংস করেছেন। সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের জঙ্গিবাদ থেকে দূরে রাখতে শিক্ষক-অভিভাবকদের প্রধান ভূমিকা রাখতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, তরুণ প্রজন্মকে আধুনিক, বিজ্ঞানমনস্ক, যুগোপযোগী ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে দেশের মানবসম্পদে পরিণত করতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধানের সার্বিক উদ্যোগ নিতে হবে। তাহলেই জ্ঞানভিত্তিক সমাজ গড়ে উঠবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো একটি অলাভজনক ও সামাজিক প্রতিষ্ঠান। মুনাফা অর্জন করা কখনই একটি বিশ্ববিদ্যালয়ের চরিত্র হতে পারে না। এ বিষয়ে দেশের সব বিশ্ববিদ্যালয়কে সচেতন হতে হবে।
সমাবর্তন বক্তা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘দেশের মানুষের অনেক অবদানে আমরা গড়ে উঠেছি। তাই মানুষের মর্যাদা রক্ষায় ও অধিকার আদায়ে কাজ করতে হবে। মানবিক হয়ে জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে।’ তিনি বলেন, পড়াশোনা করার উদ্দেশ্য পরীক্ষায় বেশি নম্বর পাওয়া নয়। সবাইকে নৈতিক শিক্ষায় শিক্ষা লাভ করে মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
বিশ্ববিদ্যালয় মজুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় বড় বিপ্লব ঘটেছে। বর্তমানে দেশে পৌনে ছয় কোটি শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। এর মধ্যে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৩২ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। সব শিক্ষার্থীকে নিজের মধ্যে মানবিক মূল্যবোধ তৈরি করতে হবে। দেশে দুর্নীতি বন্ধে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য ইমরান রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সহসভাপতি কাজী আনিস আহমেদ, প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের পক্ষে ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী ইনাম আহমেদ প্রমুখ বক্তব্য দেন।